২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ ধরা বন্ধের সময় পাল্টাচ্ছে

প্রধান প্রজনন মৌসুমে চন্দ্রমাসের ওপর ভিত্তি করে ইলিশ ধরা বন্ধের সময় পরিবর্তন করে 'মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন'-এ সংশোধনী আনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 06:17 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান প্রজনন মৌসুমে চন্দ্রমাসের ওপর ভিত্তি করে ইলিশ ধরা বন্ধের সময় পরিবর্তন করে 'মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন'-এ সংশোধনী আনা হচ্ছে। সংশোধিত আইনে প্রত্যেক বছর '১৫ থেকে ২৪ অক্টোবর ইলিশ ধরা বন্ধে'র বিধান পরিবর্তন করে আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচ দিন করে ১১ দিন সময়কে ইলিশ ধরা বন্ধের জন্য নির্দিষ্ট করা হচ্ছে। এজন্য প্রস্তাবিত সংশোধনীর খসড়া চূড়ান্ত করে মতামত নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পেলে আগামী সপ্তাহেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হতে পারে বলে মৎস্য অধিদপ্তরের 'ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পে'র পরিচালক জাহিদ হাবিব বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সংশোধিত আইনে আশ্বিন মাসের ভরা পুর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচ দিন করে ১১ দিনে ইলিশ ও জাটকা ধরা বন্ধের পাশাপাশি তা পরিবহন, বিক্রি ও মজুদও নিষিদ্ধ করা হচ্ছে। ওই সময়ে এ ধরনের কর্মকাণ্ডের জন্য আটক ব্যক্তিকে ন্যূনতম এক মাস থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং ন্যূনতম ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। প্রথমবারের পর পরবর্তী প্রত্যেকবার একই ধরনের অপরাধের জন্য কারাদণ্ডের মেয়াদ ও জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে। জাহিদ হাবিব বলেন, ১৯৮৫ সালে প্রণীত 'মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন'-এ প্রত্যেক বছর ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময়কে ভরা প্রজনন মৌসুম ধরে ওই সময়ে ইলিশ ও জাটকা ধরা বন্ধ রাখার বিধান ছিলো। কিন্তু ভরা প্রজনন মৌসুম মূলত 'আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচ দিন করে ১১ দিন'। "ফলে কোনো বছরই প্রকৃতপক্ষে ওই ১১ দিন মাছ ধরা বন্ধ রাখা সম্ভব হয়নি। এতে ওই সময়ে জেলেরা অবাধে মা ইলিশ ও জাটকা ধরার সুযোগ পায়, যা দেশের ইলিশ উৎপাদন কার্যক্রমের সাফল্যকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করে," বলেন তিনি। এ বিবেচনায় এ বছর আইনের ওই অংশটুকু পরিবর্তন ও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাহিদ জানান। নতুন বিধান অনুযায়ী, এ বছর ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত (১৯ থেকে ২৯ আশ্বিন) ১১ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। ওই সময়ে ইলিশ ও জাটকা ধরা বন্ধের পাশাপাশি পরিবহন, বিক্রি ও মজুদও নিষিদ্ধ থাকবে। অন্য বছর শুধু ইলিশ ও জাটকা-প্রধান এলাকাতে এ কর্মসূচি পালিত হলেও এবার দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে। সারাদেশে বর্তমানে প্রায় ৭ হাজার বর্গকিলোমিটার জলসীমাকে ইলিশ প্রজনন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন এলাকায় ইলিশের আহরণ অন্য বছরের তুলনায় ভালো। আহরণ ভালো হওয়ায় ইলিশ রপ্তানি পরিস্থিতিও গত বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বেশি। চলতি মৌসুমের প্রথম ৭৯ দিনে (গত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত) দেশ থেকে ২ হাজার ৩০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। গত বছর একই সময়ে ইলিশ রপ্তানি হয় মাত্র ২০ কোটি টাকার। গত অর্থবছরে বাংলাদেশ ৩৫২ কোটি টাকার ইলিশ মাছ বিভিন্ন দেশে রপ্তানি করেছে বলে মৎস্য অধিদপ্তরের তথ্য থেকে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১২১২ ঘ.