২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিজম বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান পুতুলের

অটিস্টিক শিশু ও তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় আবারো বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে শিশু মনরোগ বিশেষজ্ঞ সায়মা হোসেন পুতুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 08:53 PM

Updated : 24 Aug 2022, 04:04 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশু ও তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় আবারো বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে শিশু মনরোগ বিশেষজ্ঞ সায়মা হোসেন পুতুল। বুধবার নিউ ইয়র্কের ম্যাককার্টন স্কুলে অটিজমের ওপর এক বার্ষিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের এই স্কুল সাইকোলজিস্ট বলেন, "অটিজম নিয়ে সাধারণের মনে ভুল ধারণা এবং এইসব শিশুদের পরিবারের মধ্যে যে কষ্ট তা আমাকে দারুণভাবে ব্যথিত করে। এইসব ভুল ধারণা অবশ্যই বদলাতে হবে।" "আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তারা সবাই নিজের দেশে এই পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত অবস্থানে রয়েছেন। আর আমরা সবাই একজোট হলে এ ক্ষেত্রে সাফল্য আসবেই", বলেন অটিজম বিষয়ে বাংলাদেশের ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির প্রধান পুতুল। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের ফার্স্টলেডি, স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিদের অটিজম বিষয়ে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল আন্তর্জাতিক সংগঠন অটিজম স্পিকস। আলবেনিয়া, বাংলাদেশ, আইভরি কোস্ট, ব্রাজিল, সাইপ্রাস, ফিনল্যান্ড, গ্রেনাডা, জ্যামাইকা, জাপান, লেসোথো, মেক্সিকো, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, স্লোভানিয়া, দক্ষিণ আফ্রিতা, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও তুরস্কোর প্রতিনিধিরা ছাড়াও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের স্ত্রী বান সুন-তায়েকও এই অনুষ্ঠানে অংশ নেন। অটিজম স্পিকসের দুই প্রতিষ্ঠতা সুজানে ও বব রাইটও অনুষ্ঠানে বক্তব্য দেন। শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুদের মস্তিষ্কের গঠন হয় অন্যদের চেয়ে আলাদা। ফলে তারা অন্যদের মতো করে নিজের যতœ নেওয়া শেখে না। নিজে নিজে কাপড় পরা, একা একা খাওয়া বা টয়লেট করা কিংবা অন্যদের কাছে নিজের প্রয়োজন বা ইচ্ছার কথা প্রকাশ করা শিখতেও তাদের সমস্যা হয়। গত ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার প্রথম অটিজম সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরে পুতুল অনুষ্ঠানে বলেন, "ওই সম্মেলনে আমরা সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক গঠন করতে সম্মত হয়েছি। এছাড়া এ বিষয়ে আমাদের করণীয়গুলো সম্মেলনের ঢাকা ঘোষণায় তুলে ধরা হয়েছে।" ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীসহ আঞ্চলিক নেতৃবৃন্দ ঢাকার ওই সম্মেলনে অংশ নেন। আর পুতুল ছিলেন সেই আয়োজনের মূল পরিকল্পনাকারী। নিউ ইয়র্কের ম্যাককার্টন স্কুলে বুধবারের অনুষ্ঠানেও অটিস্টিক শিশুদের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আর এ ক্ষেত্রে অটিজম নিয়ে কাজ করছে এমন সংগঠনগুলোর সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের যোগাযোগ ও সমন্বয়ের ওপরে গুরুত্ব দেন পুতুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/০২৪৮ ঘ.