চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকায় ট্রাকচাপায় এক পথচারী মারা গেছেন।
পাহাড়তলী থানার সহকারী উপ-পরিদর্শক সুরেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরমুখী ট্রাকটি (নারায়ণগঞ্জ-ই- ০২-০০৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে অলংকার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাশে দাঁড়ানো কয়েকজনকে চাপা দেয়।
এ ঘটনায় মো. সেলিম (৩০) গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেলিম নগরীর পাহাড়তলী থানাধীন আব্দুল আলীম নগর এলাকার নুরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ও আরো একজন। আহত আলমগীরকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য জন সামান্য আঘাত পেয়েছেন।
এ সময় অটোরিকশাচালক গাড়িতে ছিলেন না।
ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে আহত ট্রাক চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এসইউ/১৮৩১ঘ.
bdnews24