২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভোট ৩০ অক্টোবর

আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণের দিন ঠিক রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 07:35 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণের দিন ঠিক রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল হয়েছে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নবগঠিত এ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ৪-৫ অক্টোবর এবং ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। গত মে মাসে নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন করা হয়। সিটি কর্পোরেশন হওয়ার আগে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সরকার সমর্থক প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রয়াত নেতা আলী আহমদ চুনকার মেয়ে আইভি। এবার আইভির পাশাপাশি সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানও মেয়র পদে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী। অন্যদিকে বিএনপির সমর্থন নিয়ে লড়তে চাইছেন বিআরটিসির সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খোন্দকার। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী, কর্পোরেশন প্রতিষ্ঠার গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে (৩১ অক্টোবর) নির্বাচন করতে হবে। নতুন এ সিটি কর্পোরেশনে এক জন মেয়র, সাধারণ ওয়ার্ডে ২৭ জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হবেন। সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩ হাজার ৯৬ জন ও মহিলা ভোটার ২ লাখ ৬১০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৬৩, ভোট কক্ষ ১ হাজার ২১৭ থাকছে। ঢাকা বিভাগীয় উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন নয় জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ নির্বাচনে ৯টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে ইসির। নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নারায়ণগঞ্জে থাকবে। প্রতিটি স্ট্রাইকিং ফোর্সেও সঙ্গে থাকবে এক জন করে নির্বাহী হাকিম। এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে কি না- জানতে চাওয়া হলে সিইসি বলেন, এ ধরনের পরিকল্পনা আমাদের নেই। নির্বাচনী আচরণবিধি তদারকিতে মনোনয়নপত্র প্রত্যাহারের পর থেকে নয় জন নির্বাহী হাকিম ও তিন জন বিচারিক হাকিম নিয়োজিত থাকবে। নির্বাচনের চার দিন আগে থেকে ভোটের পর দিন পর্যন্ত প্রতি ওয়ার্ডে একজন করে থাকবে নির্বাহী হাকিম। দেশে প্রথমবারের মতো এই সিটি করপোরেশন নির্বাচনে অন্তত ২৫টি ভোট কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা রাখা হবে ভোটের দিন। প্রার্থীদের নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণে মেয়র এবং সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের জন্য আলাদা পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। মেয়র প্রার্থীদের নিয়ে সংলাপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে ইসির। নারায়ণগঞ্জ ক্লাব বা জিয়া মিলনায়তনে এ সংলাপ হতে পারে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার সাড়ে তিন বছর পার হলেও ভোট হয়নি ঢাকা সিটি কর্পোরেশনে। ইসির সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩১৬ ঘ.