ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের ঘটনার তদন্ত কর্মকর্তার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা মামলায় বিএনপি সমর্থক দুই আইনজীবীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
এই দুই আইনজীবী হলেন গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও এবিএম ওয়ালিউর রহমান। বুধবার তারা হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও মো. আকরাম হোসেন চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ তা মঞ্জুর করে।
সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানিতে ২ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল হয়। ওই ঘটনায় বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে সেদিনই মামলা করে পুলিশ।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক এস এম জলিল তার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ৪ অগাস্ট ৯ আইনজীবীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন। আলাল ও ওয়ালিউর ওই মামলারই আসামি।
অপর সাত আইনজীবী আগেই নিু আদালত থেকে জামিন নিয়েছেন।
আলাল ও ওয়ালিউরের পক্ষে বুধবার আদালতে শুনানি করেন ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭১৭ ঘ.
bdnews24