২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হামলাকারী ৮০ জামায়াত সনাক্ত

পুলিশের ওপর হামলাকারী জামায়াতে ইসলামীর ৮০ জনকে সনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে চট্টগ্রাম পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলাকারী জামায়াতে ইসলামীর ৮০ জনকে সনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে চট্টগ্রাম পুলিশ। বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবুল কাশেম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, পুলিশের ওপর ওই হামলা ছিলো পূর্বপরিকল্পিত। গত সোমবার বিকালে নগরীর মুরাদপুর এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় প্রায় ১৫টি গাড়ি ভাংচুর করে জামায়াত-শিবিরকর্মীরা। জামায়াতের হামলায় সিএমপির পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নানসহ চার পুলিশ সদস্য আহত হয়। সংবাদ সম্মেলনে আবুল কাশেম বলেন, "এ হামলা ছিলো পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক সন্ত্রাসমূলক। তা না হলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার ওপর কেন হামলা চালানো হবে? "ওই সময় রাস্তায় গাড়ি চলাচল করছিলো এবং পুলিশ নিজেদের দায়িত্ব পালন করছিলো। বেপরোয়া ভাবে গাড়ি ভাংচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। মিছিল থেকে অতর্কিতে পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশ মিছিলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি।" হামলার ঘটনার স্থিরচিত্র, ভিডিও ফুটেজ এবং তথ্য যাচাই করে জড়িত ৮০ জনকে সনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, "হামলার সময় জামায়াত-শিবির নেতা-কর্মীরা সশস্ত্র ছিলো। এর প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সময় তারা দুটি ককটেল ফাটিয়েছে এবং সেখান থেকে আরো দুটি ককটেল উদ্ধার করা হয়।" জামায়াতের সোমবারের মিছিল থেকে আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে সিএমপির পূর্ব প্রস্তুতি ছিলো না- এমন অভিযোগও নাকচ করেন সিএমপি কমিশনার। "পুলিশের প্রস্তুতি ছিলো। তাই তো এসি মান্নান মুরাদপুর মোড়ে অবস্থান করছিলেন। কিন্তু জামায়াত কর্মীরা অল্প সময়ের মধ্যেই এ ঘটনা ঘটিয়েছে," বলেন তিনি। পুলিশের ওপর হামলার ঘটনায় গত সোমবার গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানায় তিন হাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ। এতে ৯৫ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। মামলায় নগর জামায়াতের আমীর মাওলানা শামসুল ইসলাম, সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ শীর্ষ নেতাদের আসামি করা হয়। গত সোমবার রাত ও মঙ্গলবার দিনে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মামলায় জামায়াত- শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আরো ২৫ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ। সিএমপি'র ডবলুমরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেসব জামায়াত-শিবির নেতাকর্মীকে সনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি জানান, মঙ্গলবার রাতে খুলশী এলাকায় জামায়াত সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুল আলমকে গ্রেপ্তারে তার বাসায় অভিযান চালালে তিনি পালিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/এমআই/১৪২৪ ঘ.