রংপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরে চাঁদার দাবিতে এক হোমিও ব্যবসায়ীকে মারধর করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যাবসায়ীরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে।
মঙ্গলবার বিকালে শহরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ।
সাতমাথায় 'মা মনি হোমিও চেম্বার'র মালিক মোস্তাফিজুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে এলাকার বাতেন, কামরুল ও নজরুল তার চেম্বারে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।
তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে দোকান থেকে বের করে বেদম মারধর করে এবং দোকান ভাংচুর করে। এসময় আশপাশের দোকানদাররা এগিয়ে এলে সন্ত্রাসীরা মটর সাইকেল নিয়ে পালিয়ে যায় বলে জানান রানা।
এই ঘটনার পর সাতমাথা বাজারের ব্যবসায়ীরা দেড় ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
ওই সময় রাস্তার দু'পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, রংপুর পুলিশের সহকারী পুলিশ সুপার জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজদের গ্রেপ্তার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯২৫ ঘ.
bdnews24