২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

চার দিন ধরে বিদ্যুৎহীন থাকার পর বগুড়ার একটি এলাকার ভুক্তভোগী বাসিন্দারা সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

বগুড়া, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিন ধরে বিদ্যুৎহীন থাকার পর বগুড়ার একটি এলাকার ভুক্তভোগী বাসিন্দারা সড়ক অবরোধ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরান বগুড়ার ভবেরবাজার এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী বগুড়া-ঢাকা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। ওই সময় রাস্তার দু'পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুরান বগুড়ার এলাকার ব্যবসায়ী আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শনিবার একটি ট্রান্সফরমার বিকল হওয়ার পর থেকে এই এলাকার গ্রাহকরা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিষয়টি স্থানীয় বিদ্যুৎ অফিসে কয়েক দফা জানানো হলেও তারা তাতে কর্নপাত করেনি বলে অভিযোগ করেন তিনি। অবরোধ চলাকালে বিক্ষুব্ধ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। এসময় ভবেরবাজার এলাকায় রাস্তার দু'পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। পরে পুলিশ ও নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত এলাকাবাসীকে বুধবারের মধ্যে অচল ট্রান্সফরমার সচল করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। প্রকৌশলী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "এখন আমাদের কাছে কোনো ট্রান্সফরমার নেই। তাই বুধবার অন্য কোনো স্থান থেকে একটি ট্রান্সফরমার জোগাড় করে এই এলাকায় স্থাপন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫১ ঘ.