নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরে সন্ত্রাসের 'আইনি সংজ্ঞা' নির্ধারণে ঐকমত্যে পৌছানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার নিউইয়র্কে জাতিসংঘ আয়োজিত এক সিম্পোজিয়ামের মূল প্রবন্ধে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ তার ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাস কিংবা অন্য রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালাতে দেবে না।"
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনের আগে 'সন্ত্রাসের বিরুদ্ধে সহযোগিতা' শীর্ষক এই সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
আন্তর্জাতিক সন্ত্রাস দমনে ৭ দফা সুপারিশ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "সন্ত্রাস দমনে জাতিসংঘকে নেতৃত্ব দিতে হবে। সন্ত্রাসবিরোধী লড়াইয়ের এজেন্ডায় মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাকে অবশ্যই সর্বোচ্চ স্থান দিতে হবে।"
বিদেশি 'দখলদারিত্ব' এবং স্বাধীনতাকামী জনগণের 'বৈধ সংগ্রামের' মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করে 'আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী জাতিসংঘ কনভেনশন'-এর একটি খসড়া চূড়ান্ত করারও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সন্ত্রাস বিরোধী ১৩টি আন্তর্জাতিক কৌশলে সমর্থন দেওয়ার পাশাপাশি ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের প্রতি সহনশীলতা না দেখানোর নীতি মেনে চলছে বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, জাতিসংঘের সন্ত্রাস দমন 'এজেন্ডায়' বাংলাদেশের মতো উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর সামর্থ্য তৈরির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
"বিশ্বব্যাপী সন্ত্রাস দমন কর্মকাণ্ডকে সমন্বয় করতে জাতিসংঘকেই একমাত্র বৈধ বহুমুখী সংস্থা বলে মনে করে বাংলাদেশ। জাতিসংঘের সব ইনস্টিটিউট, সাধারণ ও নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব সন্ত্রাস দমন কৌশল বিষয়ে আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।"
শান্তি রক্ষায় নিজের দেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "বিশ্ব শান্তি ও উন্নয়ন বজায় রাখার ক্ষেত্রে জাতিসংঘের বিশ্বস্ত অংশীদার ও শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী শীর্ষ দেশ হিসেবে আমাদের যে অবস্থান, তাতে আমাদের অঙ্গীকারই প্রতিফলিত হয়েছে।"
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সফলতার সঙ্গে নিরাপত্তা পরিষদের কালো তালিকাভুক্ত সব সন্ত্রাসী গ্র"পকে নিষিদ্ধ করেছে। অস্ত্র ও গোলাবারুদসহ অধিকাংশ সন্ত্রাসী নেটওয়ার্ক ধবংস করেছে।
বাংলাদেশ সরকার শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং অসা¤প্রদায়িক ও উদার সাংস্কৃতিক মূল্যবোধের বিস্তার ঘটিয়ে জাতীয় সন্ত্রাস দমন কৌশল বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় এই গ্রেনেড হামলায় ২৪ জন প্রাণ হারান এবং পাঁচশও বেশি মানুষ আহত হন। সৌভাগ্যক্রমে আমি প্রাণে বেঁচে গেলেও স্থায়ীভাবে আমার শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।"
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় ৬০ বাংলাদেশিসহ নিহত ২ হাজার ৯৯৭ জনের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ভূমিকারও প্রশংসা করেন শেখ হাসিনা।
অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়া উদ্দিন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এই সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে রোববার নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ দিনের সফর শেষে ২৮ সেপ্টেম্বর তার দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/২৩৪৩ ঘ.
bdnews24