২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 'সমন্বিত কমিটি'

বর্ষা মৌসুমে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে ছয় প্রতিষ্ঠানকে নিয়ে একটি সমন্বিত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষা মৌসুমে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে ছয় প্রতিষ্ঠানকে নিয়ে একটি সমন্বিত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। করপোরেশনের কর্মকর্তাদের ছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড ও প্ল্যানার্স ফোরামের প্রতিনিধিদের রাখা হয়েছে এ কমিটিতে। সোমবার দুপুরে সিটি মেয়র এম. মনজুর আলমের কার্যালয়ে এক বৈঠকে এ কমিটি করা হয় বলে সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করে তা নিরসনের সুপারিশ করবে এই কমিটি। সাত সদস্যের কমিটি প্রাথমিকভাবে কারণ অনুসন্ধান করে ১৫ কর্মদিবসের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দেবে। পরবর্তীতে কমিটির সদস্যরা দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনের কারণ অনুসন্ধান এবং সমাধানের উপায় বের করবেন। কমিটির আহবায়ক করা হয়েছে সিসিসির প্রধান প্রকৌশলী মোখতার আলমকে। অন্য সদস্যরা হলেন- চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল করিম, সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিমউদ্দিন চৌধুরী, সিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সিনিয়র হাইড্রোগ্রাফার হাসিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামাল এবং বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আলী আশরাফ। সিটি মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে বৈঠকে বন্দর চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২১৪৭ ঘ.