২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে

জাতিসংঘের ৬৬তম সাধারণ পরিষদে যোগদানের জন্য ১১ দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 05:28 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের ৬৬তম সাধারণ পরিষদে যোগদানের জন্য ১১ দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে নামলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মমিনসহ বাংলাদেশ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়ায় উঠেছেন। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই হোটেলেই থাকবেন শেখ হাসিনা। গত ১৭ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পথে দুবাইয়ে আট ঘণ্টা যাত্রা বিরতি দেন তিনি। এ সফরে জাতিসংঘের সাধারণ পরিষতে বক্তৃতা দেওয়া ছাড়াও বিভিন্ন সেমিনার, উচ্চ পর্যায়ের বৈঠক, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি রয়েছে হাসিনার। যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য পরীক্ষাও করাবেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.