২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক মেরামতে জোর দিন, আবুল হোসেনকে মুহিত

সড়ক মেরামত করতে না পারার কারণ হিসেবে যোগাযোগমন্ত্রীর তোলা 'অপ্রতুল অর্থ বরাদ্দের' অভিযোগের জবাব দিয়েছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক মেরামত করতে না পারার কারণ হিসেবে যোগাযোগমন্ত্রীর তোলা 'অপ্রতুল অর্থ বরাদ্দের' অভিযোগের জবাব দিয়েছেন অর্থমন্ত্রী। যোগাযোগমন্ত্রীকে লেখা এক চিঠিতে অর্থমন্ত্রী পরমার্শ দিয়েছেন নতুন সড়ক নির্মাণ 'সীমিত রেখে' সড়ক 'সংরক্ষণ ও মেরামতে' জোর দেওয়ায়। 'প্রিয় সহকর্মী' সম্বোধনে শুরু করা চিঠিতে আবুল মাল আবদুল মুহিত বলেন, "আমার বিবেচনায় আপনার গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে যেগুলো প্রাধ্যান্য পাওয়ার যোগ্য সেগুলো হলো সড়ক-মহাসড়কসমূহ মেরামত, বিশেষতঃ মহাসড়কে নিয়মিত খানাখন্দ মেরামত, দুর্ঘটনাপ্রবণ স্থানসমূহের ট্রিটমেন্ট এবং মহাসড়কগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নতকরণ ইত্যাদি।" গত ১৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত এ চিঠি রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে পৌঁছায়। গত ১৪ অগাস্ট মন্ত্রিসভার বৈঠকে দেশের বেহাল সড়ক নিয়ে বাহাসে জড়িয়ে পড়েন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যোগাযোগমন্ত্রী বরাদ্দের অপ্রতুলতার কথা তুলে ধরলে তা নাকচ করেন অর্থমন্ত্রী বলেন, তদারকির অভাবই এর কারণ। স¤প্রতি দেশের বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে তোপের মুখে পড়েন যোগাযোগমন্ত্রী। সড়কের অবস্থা খারাপ হওয়ায় একাধিক রুটে কয়েকদিন বাস চলাচল বন্ধ রাখে বাস মালিকরা। প্রধানমন্ত্রী সড়ক মেরামতের আদেশ দেওয়ার পর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে জোরদার পদক্ষেপ ও তাগিদ দেওয়ার বিষয়টিকে প্রশংসনীয় বলে উল্লেখ করা হয় অর্থমন্ত্রীর চিঠিতে। অবৈধ লাইসেন্স বন্ধ করা এবং বৈধ লাইসেন্স দেওয়ার বিষয়ে 'এখনি' ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয় চিঠিতে। এছাড়া চিঠিতে তিনটি বিষয় বিবেচনা করার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "বিআরটিএ প্রতিষ্ঠানটির দক্ষতা উন্নয়ন এবং বিরাজমান অনিয়মের বিষয়ে এখনি ব্যবস্থা গ্রহণ জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ৭০ বছরের পুরনো আইন সংশোধনের লক্ষ্যে নতুন যে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে সেটি ইতিমধ্যে বিবেচনা করা হয়েছে এবং শাস্তির কঠোরতা আরো বৃদ্ধি করতে বলা হয়েছে। এ আইন বাস্তবায়ন সম্ভাব্য দ্রুততম সময়ে করার তাগিদ দেওয়া হয়। দক্ষ ও প্রশিক্ষিত চালকের চাহিদা পূরণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এবং প্রতিষ্ঠানের সংখ্যাবৃদ্ধির উদ্যেগ গ্রহণ করার গুরুত্ব দিয়ে চিঠিতে বলা হয়, ট্রাফিক নিয়ম কানুনের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্ত করার উদ্যেগ নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১১১ ঘ.