২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৩

নওগাঁর এক মাদরাসা শিক্ষককে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই স্থান থেকে অপহৃতকে উদ্ধারও করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

নওগাঁ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর এক মাদরাসা শিক্ষককে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই স্থান থেকে অপহৃতকে উদ্ধারও করা হয়। শনিবার বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মান্দা উপজেলার জাফরাবাদ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাহাদৎ হোসেন (৩২) অপহৃত হন। রাতেই বগুড়া শহরের একটি হোটে থেকে তাকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয়েছেন বগুড়া শহরের নারুলী মধ্যপাড়ার মানিক পারভেজ টুলু (৪০), রাজু খান ডাবলু (২৫) এবং নাটাইপাড়ার শফিউল আলম (৪০)। রোববার মান্দা থানায় এদেরসহ আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন সাহাদৎ হোসেনের ভাই আব্দুল গফুর। মান্দা থানার ওসি আব্দুল¬াহেল বাকী জানান, অপহরণকারীরা পানিশাইল মোড় এলাকা থেকে সাহাদৎ হোসেনকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া শহরে একটি বাড়িতে আটকে রাখে। পরে ফোনে তার পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ৫০ হাজার টাকায় রফা হয়। অপহরণকারীরা ওই টাকা নিয়ে বগুড়ার চারমাথা এলাকায় বাবুল হোটেলে যেতে বলে সাহাদতের পরিবারের লোকদের। এরপর বিষয়টি সাহাদতের পরিবার মান্দা থানায় জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.