ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম রোববার রাত ১২টা থেকে বেড়েছে।
ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে। ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে আট টাকা।
বর্ধিত দাম রাত ১২টা থেকে কার্যকর হওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান।
বৃদ্ধির পর প্রতি লিটারের দাম- ডিজেল ৫১ টাকা, কেরোসিন ৫১, পেট্রোল ৮১, অকটেন ৮৪ ও ফার্নেস অয়েল ৫০ টাকা।
জ্বালানি তেলের দাম সর্বশেষ বাড়ানো হয় গত ৫ মে।
সাড়ে চার মাসের মাথায় আবার দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক বাজার মূল্যে জ্বালানি তেল আমদানি করে অপেক্ষাকৃত কম মূল্যে দেশের অভ্যন্তরে বিক্রয় করায় দীর্ঘদিন যাবৎ সরকারকে লোকসান দিতে হচ্ছে। এ কারণে দাম বাড়াতে হয়েছে।"
এক তথ্য বিবরণীতে বলা হয়, গত অর্থবছরে (২০১০-১১) দেশে জ্বালানি তেলের চাহিদা ছিল প্রায় ৪৮ লাখ মেট্রিক টন। বিদ্যমান বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও অন্যান্য খাতে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমান অর্থবছরে (২০১০-১২) চাহিদা বেড়ে গিয়ে প্রায় ৬৮ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে।
২০১০-১১ অর্থবছরে জ্বালানি তেল বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রায় আট হাজার দু'শ কোটি টাকা লোকসান হয়েছে উল্লেখ করে তথ্য বিবরণীতে বলা হয়, বর্তমান বিক্রয়মূল্য অব্যাহত রাখলে এবং আন্তর্জাতিক বাজার দর অপরিবর্তিত থাকলে চলতি অর্থবছরে বিপিসির লোকসান হবে প্রায় ১৮ হাজার কোটি টাকা।
সরকারের পক্ষে বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করে দেশে বিক্রি করে বিপিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/০০০৫ ঘ.
bdnews24