চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ থানা এলাকা থেকে হরিণের শিং, কৃষ্ণ মূর্তি ও ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার বিকালে র্যাব-৭ এর একটি দল বায়েজীদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াদ আলী (৪৫) ও নুর কালামকে (২৫) গ্রেপ্তার করে।
র্যাব-৭ এর কর্মকর্তা এএসপি সাইদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমে নুর কালামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
"পরে কালামের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার ইয়াদ আলীর বাসায় তল্লাশি চালিয়ে একটি কৃষ্ণ মূর্তি ও প্রায় ১৩ কেজি হরিণের শিং উদ্ধার করা হয়।"
সাইদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে কবিরাজি ওষুধ তৈরিতে এসব শিং আনা হয়েছে বলে দাবি করেছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এএল/১৯৪৬ ঘ.
bdnews24