২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গা পূজা: এবার মণ্ডপ বাড়ছে এক হাজার

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এবার সারা দেশে মণ্ডপের সংখ্যা এক হাজার বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন দুর্গা পূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এবার সারা দেশে মণ্ডপের সংখ্যা এক হাজার বাড়ছে। রোববার মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, গত বছর সারা দেশে ২৭ হাজার মণ্ডপে পূজা হয়েছিল। এ বছর তা বেড়ে ২৮ হাজার হচ্ছে। আগামী ৩ অক্টোবর দুর্গাদেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের শুরু হবে। ৭ অক্টোবর দশমী পূজা শেষে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে হবে এর সমাপ্তি। স্বারষ্ট্রমন্ত্রী বলেন, "দুর্গা পূজার সময়, বিশেষ করে ২ থেকে ৬ অক্টোবর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর পূজা মণ্ডপগুলোতে সব ধরনের সুবিধা নিশ্চিত করতে ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ, ওয়াসা, ঢাকা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব বিভাগ ও প্রতিষ্ঠানকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।" ঢাকার বাইরে জেলা প্রশাসকরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে মন্ত্রী জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "ধর্ম ব্যক্তির, তবে উৎসব সবার। সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।" স্বরাষ্ট্র সচিব আবদুন সোবহান শিকদারসহ আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/১৫৩৬ ঘ.