২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগ ঘোষণার দাবিতে ময়মনসিংহে প্রতীকী অবরোধ

ময়মনসিংহ জেলাকে বিভাগ ঘোষণাসহ কয়েক দফা দাবিতে প্রতীকী রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 09:11 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ জেলাকে বিভাগ ঘোষণাসহ কয়েক দফা দাবিতে প্রতীকী রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা নাগরিক আন্দোলনের ডাকে এ কর্মসূচি চলাকালে শহরে মিছিল ও সমাবেশ করে সংগঠনের নেতা-কর্মীরা। সেখান থেকে আগামী ১৫ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণঅনশন কর্মসূচির পালনের ঘোষণা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৯টায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে এলে জেলা নাগরিক আন্দোলনের নেতা-কর্মীরা তা অবরোধ করে। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে ১৫ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়। পরে সংগঠনের নেতা-কর্মীরা স্টেশন চত্বরে সমাবেশ করে। জেলা নাগরিক আন্দোলনের সভাপতি ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যাপক লীলা রায়। এর আগে সকালে শহরের সব বাসস্ট্যান্ড থেকে এক ঘণ্টা সব ধরনের যান চলাচল আটকে রাখা হয়। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকা-শেরপুর-জামালপুর-নেত্রকোনা-কিশোরগঞ্জগামী যান চলাচল বন্ধ থাকে। জেলা নাগরিক আন্দোলনের দাবিগুলো হলো- ব্রহ্মপূত্র নদী খনন, ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, আনন্দ মোহন কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ এ অঞ্চলের সব সড়কের সংস্কার ও উন্নয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫০৬ ঘ.