আব্দুর রহিম বাদল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
শেরপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েক মাসে প্রচুর গোলাবারুদ আটকের পর আতঙ্কে রয়েছে শেরপুর সীমান্তবাসী। তারা বলছেন, উলফা বিদ্রোহীদের ফেলে যাওয়া গোলাবারুদ দিয়ে এখন যে কেউ অন্যকে ফাঁসিয়ে দিতে পারে।
গারো পাহাড়ের পাদদেশে ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে গত ৯ মে থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দফায় ৩ হাজার ৩৮৬ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, তিনটি মাইন ও রকেট লাঞ্চারের তিনটি গোলা উদ্ধার করা হয়। সেই সঙ্গে পাওয়া যায় আসামের বিদ্রোহী সংগঠন উলফার বিপুল সংখ্যক বই ও প্রচারপত্র।
উদ্ধার গোলাবারুদ কাদের- সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা মুখ না খুললেও এলাকাবাসী বলছে, এগুলো যে উলফার সে নিয়ে কোনো সন্দেহ নেই।
তারা বলছেন, গারো পাহাড়ের গজনী ও বাঁকাকুড়া গ্রামে এক সময় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির আস্তানা ছিলো। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে এ দলের সদস্যরা গোলাবারুদ ফেলে পালিয়েছে। আর তা-ই এখন উদ্ধার করা হচ্ছে।
উলফার বিরুদ্ধে বর্তমান মহাজোট সরকারের অভিযানে নয়া দিল্লি প্রশংসা করেছে খোলাখুলিভাবেই। এমনকি বাংলাদেশ সীমান্ত হতে দলটির কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, বাংলাদেশই তাদের ধরে ভারতের হাতে তুলে দিয়েছে। তবে দুই দেশের কোনো সরকারই এ কথাটি স্বীকার করেনি।
বাকাকুড়া ও গজনী গ্রামের অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, এক সময় উলফার সদস্যরা ওই এলাকায় থাকার সুবাদে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠে।
স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উলফা সদস্যদের সঙ্গে অনেকেরই সখ্য ছিলো। তাদের লুকানো অনেক অস্ত্র-গোলাবারুদ এখনো থাকার সম্ভাবনা রয়েছে।"
গত ১৩ সেপ্টেম্বর গুলি ও মাইন উদ্ধার করা হয় গান্ধিগাঁও গ্রামের বাহাদুর আলীর বাড়ি থেকে। পাহাড়ি নদীর কোল ঘেঁষা ওই বাড়িতে দুটি ঘর- একটি থাকার বসতঘর এবং অন্যটি রান্নাঘর। দুটি ঘরই মাটির। রান্না ঘরের তুষের বস্তার ভেতরে লুকানো ছিলো গুলি ও মাইন। বাহাদুর আলী একজন খেটে খাওয়া দিনমজুর বলে তার পরিবারের দাবি।
বাহাদুরের স্ত্রী মিছিরন বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলি উদ্ধারের সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। গুলিগুলো কীভাবে, কোথা থেকে, কারা এনেছে- তা-ও বুঝতে পারছেন না তিনি।
কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনার উল্লাহ বলেন, "উলফার ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুদ দিয়ে কারা, কীভাবে স্বার্থ হাসিলের জন্য অন্যকে ফাঁসিয়ে দেয়, তা নিয়ে অনেকেই শঙ্কিত রয়েছে।"
"রাতে আমরা ঘর থেকে বের হতে ভয় পাই। প্রায় প্রতি রাতেই সাদা পোশাকধারী লোকজন এখানে আসছে এবং গুলি উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কারা কখন কীভাবে ফেঁসে যায়, এসব ভেবে আমরা খুবই চিন্তিত," বলেন পারুল মিয়া নামে স্থানীয় এক জন।
গত ২৫ অগাস্ট গজনি এলাকার একটি লোহার সেতুর নিচে বস্তায় ভরা অবস্থায় ১ হাজার ২১৯ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। ওই সময় গ্রেপ্তার করা হয় গান্ধিগাঁওয়ের সাইফুল ইসলামকে। এছাড়া অন্য অভিযানের সময় গ্রেপ্তার করা হয় আরো চার জনকে।
স্থানীয়রা জানিয়েছে, সাইফুল শ্রমজীবী হলেও উলফার কমান্ডার রঞ্জু চৌধুরীর (গত বছরের ১৭ জুলাই র্যাবের হাতে গ্রেপ্তার) সেকেন্ড ইন কমান্ড আইয়ুব আলী ওরফে খান সাহেবের সহচর হিসেবে কাজ করতেন।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইফুল অনেক তথ্য দিয়েছে। আমরা তা যাচাই-বাছাই করে দেখছি।"
তিনি বলেন, "ঝিনাইগাতীর পাহাড়ি জনপদে অস্ত্র ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক রয়েছে। আইয়ুব আলী খান এর মূল হোতা। বর্তমানে সে পলাতক। সাইফুল আইয়ুব আলীর ঘনিষ্ঠ সহচর। ওই এলাকার সিদ্দিক, আলম, শরীফ, আবু ইউসুফ, আবুল কাসেম, বাঁকাকুড়া এলাকার আব্দুর রেজ্জাক অবৈধ অস্ত্র-গোলাবারুদ ব্যবসার সঙ্গে জড়িত বলে সাইফুল জানিয়েছে।"
উদ্ধার করা গুলিগুলো কাদের- প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান। "গুলিগুলো কোথা থেকে, কারা কী জন্য এনেছে, তা তদন্তের পরই বলা যাবে," বলেন তিনি।
রকেট লঞ্চারের গোলা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-১২ এর সহকারী পরিচালক মো. কামাল হোসেনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এগুলো কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হতে পারে। তবে তদন্তের পরই বিস্তারিত বলা যাবে।"
আইন-শৃঙ্খলা বাহিনী সরাসরি না বললেও গজনী এলাকার শিক্ষক থিওফিল চাম্বুগং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা সবারই জানা, এক সময় উলফারা এখানে ছিলো। এসব তাদেরই ফেলে যাওয়া গোলা-বারুদ। আর যারা ওদের সঙ্গে মেলামেশা করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের মাধ্যমে এসব উদ্ধারের চেষ্টা করছে।"
এক সময় উলফা সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দহরম-মহরমের ইঙ্গিত দিয়ে ঝিনাইগাতীর সাংবাদিক খোরশেদ আলম বলেন, "ভাসুরের নাম সবাই জানে... মুখে নাম নেয় না। এক সময় বলা যেতো না উলফাদের বিষয়ে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে।"
সা¤প্রতিক অভিযানের আগে গত বছরের ১৮ ডিসেম্বর ১৩ হাজার রাউন্ড গুলি উদ্ধার হয় বাঁকাকুড়া গ্রাম থেকে। তার এক সপ্তাহের মধ্যে সাতটি মাইনও পাওয়া গিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24