শেরপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে শেরপুর-জামালপুর সড়কের পোড়া দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম আজাদ (৪৮) জনতা ব্যাংকের জামালপুরের ধানুয়া কামালপুর শাখার ব্যবস্থাপক ছিলেন।
শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন জানান, শেরপুর থেকে মোটরসাইকেলে জামালপুর যাওয়ার সময় শেরপুরগামী একটি ট্রাকের সঙ্গে মখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। ট্রাক কিংবা চালককে আটক করা যায়নি।
নজরুল ইসলামের বাড়ি শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায়। তিনি পরিবার পরিবার নিয়ে শেরপুর শহরের সজবরখিলা মহল্লায় বসবাস করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24