ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দারুসসালাম এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছে।
আহাদুল ইসলাম সজল (১৮) নামে ওই তরুণ শুক্রবার রাতে ছুরিকাঘাতের শিকার হয়ে শনিবার ভোরে মারা যান।
এই ঘটনায় পুলিশ সজল নামে একজনকে গ্রেপ্তার করেছে। নিহত সজল লেখাপড়া ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন।
দারুস সালাম থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকজন বন্ধু তাকে গাবতলী বালুর মাঠে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর রাতে অবস্থার অবনতি হলে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।"
পূর্বশত্র"তার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানান ওসি।
পুলিশ জানায়, হিমেল, হৃদয়, সেলিম এবং সজল নামের কয়েকজন বন্ধু তাকে শুক্রবার রাত ১০টার দিকে খালেক অ্যাপার্টমেন্টের বাসা থেকে ডেকে বালুর মাঠে নিয়ে যায়।
গ্রেপ্তার সজল পুলিশকে জানিয়েছেন, আগের একটি 'ভুল বোঝাবুঝি' নিয়ে মীমাংসার জন্য নিজেদের মধ্যে আলোচনা চলছিল। আলোচনার এক পর্যায়ে কথাকাটাকাটি হয়। এ সময় সজলের পেটে হিমেল ছুরিকাঘাত করে। অবস্থা বেগতি দেখে সবাই তাকে ফেলে চলে যায়।
ওসি জানান, তাদের মধ্যে কী নিয়ে 'ভুল বোঝাবুঝি' হয়েছিল এবং আলোচনা চলছিল তা এখনো স্পষ্ট নয়।
বাংলা কলেজে উচ্চ মাধ্যমিকে প্রায় ২ বছর আগে ভর্তির পর কয়েকমাস কলেজে যাওয়া আসা করলেও পরে লেখাপড়া বন্ধ করে বাবা নজরুল ইসলামের বালুর ব্যবসায় সহযোগিতা করতেন নিহত সজল ।
ছেলের মৃতুর খবর পাওয়ার পর নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮০৩ ঘ.
bdnews24