২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আয়কর মেলা১০০ কোটি টাকা আদায়ের প্রত্যাশা

চট্টগ্রামে শুরু হওয়া আয়কর মেলা থেকে প্রায় ১০০ কোটি টাকা আয়কর আদায় হবে বলে আশা করছেন কর কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শুরু হওয়া আয়কর মেলা থেকে প্রায় ১০০ কোটি টাকা আয়কর আদায় হবে বলে আশা করছেন কর কর্মকর্তারা। শনিবার দুপুরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে আয়কর বিভাগ আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কর কমিশনার (কর অঞ্চল- ১) রমেন্দ্র চন্দ্র বসাক সাংবাদিকদের এ কথা জানান। গতবারের আয়কর মেলায় ২৩ হাজার ৫০২ জন করদাতা রিটার্ন দাখিল করেছিলেন এবং কর আদায় হয় ৪০ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন জানান, আইনের ধারা আর নথির ব্যাখ্যা দেখে মানুষ এমনিতেই ভীত হয়ে যায়। আয়কর নিয়ে মানুষের এই অহেতুক ভীতি দূর করতেই আয়কর মেলার আয়োজন করা হয়েছে। মন্ত্রী বলেন, "আয় করলে আয়কর দিতে হয়, সাধারণ মানুষের মধ্যে অনেকেই এটা বোঝেন না।" তিনি আরো বলেন, কেউ কেউ আয়কর না দেওয়ার জন্য কর বিভাগের কার্যালয়ে গিয়ে যতোরকম মিথ্যা আছে, সব বলে আসেন। কর কমিশনার (কর অঞ্চল- ১) রমেন্দ্র চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর জরিপ ও পরিদর্শন) মো. শাহজাহান। 'নিজের জন্য দিব কর' শে¬াগান নিয়ে আয়োজিত এবারের মেলায় করদাতারা নতুন ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টি আই এন) গ্রহণ ও পুরোনো করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। পাশাপাশি টিআইএন সনদ গ্রহণ, আয়কর বিষয়ে পরামর্শ, আয়কর রিটার্ন ফর্ম পূরণে সহযোগিতা এবং জনতা ও সোনালী ব্যংাকের বুথে টাকা জমা দিয়ে পে অর্ডার ও চালান জমা দেয়ার সুযোগ থাকবে। ছয় দিনব্যপী এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মেলায় সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথসহ মোট ২৪টি স্টল রয়েছে। নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে পৃথক স্টল। উদ্বোধনী শেষে ইয়ং ওয়ান গ্র"পের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ২০০ কর্মকর্তার আয়কর বাবদ ৭২ লাখ টাকার এবং চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১২৯ জনের আয়কর বাবদ ২০ লাখ ৫২ হাজার টাকার পে অর্ডার মন্ত্রীর কাছে হস্তান্তর করেন প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কিউএইচ/এসইউ/১৬৪৬ ঘ.