২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে 'উদ্বিগ্ন' যোগাযোগমন্ত্রী

'অতি বৃষ্টির' কারণে সড়কের সংস্কার কাজে বিঘœ ঘটছে উল্লেখ করে যোগযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, বৃষ্টি হলেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 05:47 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অতি বৃষ্টির' কারণে সড়কের সংস্কার কাজে বিঘœ ঘটছে উল্লেখ করে যোগযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, বৃষ্টি হলেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, "বৃষ্টি হলেই আমি উদ্বিগ্ন হয়ে উঠি। গত দুই দিনের বৃষ্টিতে সড়কের অবস্থা কি হয়েছে সেটা দেখার জন্যই আমার গাজীপুরে মহাসড়কে আসা।" মেরামতের পর সড়কে যানবাহন খুব ভালোভাবে চলাচল করতে পারছে দাবি করে মন্ত্রী বলেন, "মহাসড়কের যেসব স্থানে সংস্কার করা হয়েছে সেসব স্থান দেখে মনে হচ্ছে না, কয়দিন আগেও রাস্তা অতোটা খারাপ ছিলো।" সড়কের 'প্রকৃত অবস্থা' তুলে ধরায় সাংবাদিকদেরও প্রশংসা করেন আবুল হোসেন। মন্ত্রী বলেন, "সারাদেশের সব রাস্তা এখনই সুন্দর হয়ে উঠেছে বা কার্পেটিং করা হয়ে গেছে এমনটা বলতে পারি না। অতি বৃষ্টির কারণে কার্পেটিং উঠে যাচ্ছে। তবে সংস্কার কাজ বন্ধ হয়ে যায়নি। সংস্কার কাজ চলছে এবং সারা বছরই চলবে।" মহাসড়কের নাজুক দশার কারণে গত রোজায় রাজধানী থেকে গাজীপুর হয়ে ১৩টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। এরইমধ্যে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরের মৃত্যুতে সড়কের অবস্থা নতুন করে আলোচনায় আসে। যোগাযোগমন্ত্রীকে অপসারণেরও দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিয়ে আবুল হোসেন বলেন, "ওই সড়কের কোনাবাড়ি এলাকায় রাস্তার অবস্থা খারাপ- সে খবর আমাদের কাছে আছে। সেখানে কাজ চলছে, খুব শিগগির মেরামতের কাজ শেষ হবে।" এ সময়ে যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান, সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী আ. কুদ্দুস, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২৩৩৪ ঘ.