ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অসুস্থতার বিষয়টি মেনে নিতে পারছেন না তার ভক্ত-পাঠকরা। ক্যান্সারকে 'জয়' করে শিগগিরই নতুন সাহিত্যকর্ম নিয়ে তিনি আবারো পাঠকদের সামনে হাজির হবেন- এমনই প্রত্যাশা তাদের।
বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ উন্নত চিকিৎসার জন্য গত বুধবার যুক্তরাষ্ট্র যান। সেখানে ক্যান্সারের বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান মেমোরিয়াল স্লোয়ান- কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি।
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্ত এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা আতিকুর রহমান তমাল বলেন, প্রিয় এই লেখকের অসুস্থতার খবর শুনে প্রথমে বিশ্বাসই হচ্ছিলো না।
"আমি প্রত্যাশা করি, প্রিয় এই মানুষটি তাড়াতিাড়ি সুস্থ হয়ে উঠবেন। নতুন নতুন উপন্যাস নিয়ে আবারো আমাদের মাঝে হাজির হবেন।"
এসএসসি পরীক্ষার পর তিন মাসে হুমায়ূন আহমেদের ৮৭টি উপন্যাস পড়ে একরমক তার 'প্রেমে' পড়ে গিয়েছিলেন বলে জানান তমাল।
হুমায়ূন আহমেদের 'হিমু' ও 'মিসির আলী' সিরিজের অন্ধ ভক্ত কলেজছাত্র পলাশ। পছন্দের এই লেখকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পত্রিকায় পড়েই তার জন্য প্রার্থনা করেছেন তিনি।
পলাশ বলেন, অল্প কয়েক দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশা করছি।
হুমায়ূন আহমেদ অসুস্থ শুনে ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, "কি হইচে তার?"
এই লেখকের ক্যান্সারে আক্রান্ত হওয়া খবর শুনে বিষণœ হয়ে পড়েন তিনি।
"যেই লোকটা মানুষরে অ্যাতো হাসাইতে পারে, হের কি এতো কঠিন রোগ হইতে পারে", আব্দুল কাদেরের কণ্ঠে অবিশ্বাসের ছোঁয়া।
তিনি জানান, উপন্যাস নয়, হুমায়ূন আহমেদের নাটকই জয় করে নিয়েছে তার মন।
স্কুল শিক্ষিকা ফেরদৌস আরা নিপু বলেন, "আমি মনে-প্রাণে চাই এই মানুষটি সুস্থ হয়ে শিগগিরই যেন লেখালেখি শুরু করতে পারেন।"
তার মতে, বাংলা সাহিত্যের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক তিনি।
অনেকেরই গল্পের বই পড়ার হাতেখড়ি হয়েছে তার বই দিয়ে বলে মন্তব্য করেন নিপু।
হুমায়ূন আহমেদের গল্প, উপন্যাস, নাটক ও সিনেমা সম্পর্কে তিনি বলেন, "তিনি অনায়াসে ও বিশ্বাসযোগ্য করে অতিবাস্তব ঘটনার অবতারণা করেন। লেখায় সাধারণত রাজনৈতিক বিষয় এড়িয়ে শুভবোধের প্রকাশ ঘটান তিনি।"
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলায় জন্ম হুমায়ূন আহমেদের। একাত্তরের মুক্তিযুদ্ধে বাবাকে হারান। জীবন সংগ্রামে হার না মেনে এগিয়ে যান সাফল্যের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে নন্দিত নরকে (প্রকাশকাল- ১৯৭২) উপন্যাসের মধ্য দিয়ে লেখালেখি শুরু করেন এই সাহিত্যিক।
উপন্যাস দিয়ে লেখালেখির শুরু হলেও তাতেই সীমাবদ্ধ থাকেননি হুমায়ূন। পরবর্তীতে তিনি নাটক, ছোট গল্প ও চলচ্চিত্রেও প্রতিভার স্বাক্ষর রাখেন। নাটক ও চলচ্চিত্র নির্মাণেও পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২২২৭ ঘ.
bdnews24