২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদ: বাংলাদেশের সাহিত্যে দ্বিতীয়রহিত

প্রায় চার দশক ধরে বাংলাদেশে কাটতির শীর্ষে থাকা ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ। জন্ম ১৯৪৮ এর ১৩ই নভেম্বর নেত্রকোনা জেলায়। বেস্টসেলার উপন্যাসের অব্যর্থ কারিগর হুমায়ূনের দ্বিতীয়রহিত সাফল্যের ক্ষেত্র ছোট গল্প, টিভি নাটক ও চলচ্চিত্রে বিস্তৃত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

অনিন্দ্য রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় চার দশক ধরে বাংলাদেশে কাটতির শীর্ষে থাকা ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ। জন্ম ১৯৪৮ এর ১৩ই নভেম্বর নেত্রকোনা জেলায়। বেস্টসেলার উপন্যাসের অব্যর্থ কারিগর হুমায়ূনের দ্বিতীয়রহিত সাফল্যের ক্ষেত্র ছোট গল্প, টিভি নাটক ও চলচ্চিত্রে বিস্তৃত। একনিষ্ঠ ও বিশাল পাঠকশ্রেণী তৈরির মাধ্যমে হুমায়ূন আহমেদ ভূমিকা রেখেছে বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রবৃদ্ধিতে। রসায়নশাস্ত্রের একসময়কার অধ্যাপক নিজস্ব কথনরীতি এবং নাগরিক মধ্যবিত্ত জীবনের নিবিড় বর্ণনার জন্য সমালোচকদের চোখেও বিশিষ্ট। তার প্রথম প্রকাশিত উপন্যাস 'নন্দিত নরকে'র ভূমিকায় উচ্ছ্বসিত প্রশংসা করেন সাহিত্য ইতিহাসবিদ আহমেদ শরীফ। তিনি লেখেন, 'বাঙলা সাহিত্যক্ষেত্রে এক সুনিপূণ শিল্পীর, এক দক্ষ রূপকারের, এক প্রজ্ঞাবান দ্রষ্টার জন্মলগ্ন যেন অনুভব করলাম'। মাত্র চারটি উপন্যাস লিখেই ১৯৮১ পান বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান হুমায়ূন। কোনো কোনো সমালোচক তার উপন্যাসকে 'উপন্যাসোপম বড় গল্প' [বিশ্বজিৎ ঘোষ], এমনকি 'অপন্যাস' [হুমায়ূন আজাদ] বলে অভিহিত করলেও, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্যের কোনো আলোচনাই তাকে বাদ রেখে সম্ভব হয়নি। সত্তর ও আশির দশকে বাংলাদেশের দীর্ঘ সামরিক শাসনের সময় হুমায়ূন 'সামাজিক দ্বন্দ্বে' অংশ নেননি বলে একটি সাক্ষাৎকারে অভিযোগ করেন লেখক আহমদ ছফা। কিন্তু এই সময়ের মধ্যবিত্তের জীবনের নিস্পন্দ রোমান্টিকতাকে নিখুঁতভাবে তুলে এনেছেন তার প্রধানত সংলাপনির্ভর উপন্যাসমালায়। কবি শামসুর রাহমান লিখেছেন, 'অনেক উৎকৃষ্ট রচনাই অত্যন্ত জনপ্রিয়। হুমায়ূন আহমেদ আমাদের সস্তা চতুর্থ শ্রেণীর লেখকদের হাত থেকে মুক্তি দিয়েছেন'। হুমায়ূন আহমেদের দুই শতাধিক উপন্যাসের ভেতর 'শ্রেষ্ঠ'গুলোকে আলাদা করা কঠিন। ছন্নছাড়া অথচ নিজস্ব দর্শনসমৃদ্ধ হিমু এবং আধিভৌতিক রহস্যের উন্মোচক মিসির আলী নামের দুই চরিত্র নিয়ে তার বেশকটি আলোচিত উপন্যাস রয়েছে। ১৯৮৪ সালে বিটিভিতে 'এইসব দিনরাত্রি'র মধ্য দিয়ে ধারাবাহিকের নাট্যকার হিসেবে আবির্ভূত হন হুমায়ূন আহমেদ। একটি সাক্ষাৎকারে লেখক হিসেবে নিজের জনপ্রিয়তার জন্য টিভি নাটকের অবদানের কথা বলেছেন হুমায়ূন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তার লেখা জনপ্রিয় ধারাবাহিকের ভেতর রয়েছে 'বহুব্রীহি', 'অয়োময়', 'কোথাও কেউ নেই' ইত্যাদি। 'কোথাও কেউ নেই' নাটকের ঘটনাপ্রবাহ দর্শকদের এতটাই আলোড়িত করেছিলো যে তারা নায়কের ট্র্যাজিক পরিণতি মানতে না পেরে রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বিক্ষোভ পর্যন্ত করে। বেসরকারি টেলিভিশনের যুগ শুরু হলে হুমায়ূন আহমেদ নিজেই নাটক পরিচালনা শুরু করেন। এ পর্যায়ে অবশ্য আগের একক জনপ্রিয়তার আসন থেকে তাকে নেমে আসতে হয়। গত শতকের নব্বইয়ের দশকে হুমায়ূন আহমদের নামটির সঙ্গে যুক্ত হয় চলচ্চিত্র পরিচালকের পরিচয়। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া অনুদানের ছবি 'আগুনের পরশমণি' আটটি শাখায় জিতে নেয় জাতীয় পুরস্কার। একই বছর একুশে পদক পান তিনি। পরবর্তী বছরগুলোয় তার নিজের প্রতিষ্ঠান নুহাশ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় আরো কয়েকটি ছবি বানান। সবশেষ কাজ করছেন 'ঘেঁটুপুত্র কমলা' নামের একটি ছবি নিয়ে। উপন্যাস, টিভি নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি শিশু সাহিত্য এবং সায়েন্স ফিকশন রচয়িতা হিসেবেও হুমায়ূন আহমেদের নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়। স¤প্রতি শিশুদের একটি গানের রিয়ালিটি শোতে বিচারক হিসেবেও দেখা গেছে তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ ডাকোটা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র হুমায়ূন আহমেদ দুই পক্ষে ছয় সন্তানের জনক। হুমায়ূনের বাবা পুলিশ কর্মকর্তা থাকা অবস্থায় ১৯৭১ সালে শহীদ হন। তিন ভাই, দুই বোনের মধ্যে হুমায়ূন জ্যেষ্ঠ। এক ভাই জাফর ইকবাল একজন জনপ্রিয় কথাসাহিত্যিক, ছোটভাই আহসান হাবীব কার্টুনিস্ট। ঢাকা অদূরে গাজীপুরে 'নুহাশ পল্লী' নামে হুমায়ূনের শুটিং উপযোগী খামার বাড়িতে নানা সময় আপ্যায়িত হয়েছেন সাহিত্যিকসহ দেশ বিদেশের নামকরা অনেক ব্যক্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমআই/১৪২০ ঘ.