২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ও কৃষি উদ্ভাবকদের সম্মাননা দিলো অক্সফাম

খাদ্য উৎপাদন ও কৃষি খাতের উন্নয়নে নতুন জাতের ফসল ও প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রাখায় ১৫ জনকে সম্মাননা দিয়েছে অক্সফাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য উৎপাদন ও কৃষি খাতের উন্নয়নে নতুন জাতের ফসল ও প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রাখায় ১৫ জনকে সম্মাননা দিয়েছে অক্সফাম। সম্মাননাপ্রাপ্তরা হলেন- কৃষি গবেষণায় অন্যন্য ভূমিকার জন্য ড. কাজী বদরুদ্দোজা, উন্নত জাতের ধান উদ্ভাবনে ভূমিকার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) সাবেক প্রধান ড. শাহ মোহাম্মদ হাসানুজ্জামান, বিআরআরআই'র সাবেক গবেষণা পরিচালক ড. মোহাম্মদ আব্দুস সালাম, বিআরআরআই'র বর্তমানের শীর্ষ স্থানীয় বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খন্দকার মোহাম্মদ ইফতেখারুদ্দৌলা। নতুন ধরনের কৃষি উদ্যোগের জন্য সম্মাননা পেয়েছেন ঝিনাইদাহের কালিগঞ্জ উপজেলার মহেশ্বরচন্দ গ্রামের ওমর আলী। সেখানে চরম খাদ্যাভাবের সময় তার নেতৃত্বে চাষ করে গ্রামবাসী খাদ্য উৎপাদন পাঁচগুণ বাড়ায়। অন্যদের মধ্যে ড. আবুল কালাম, মুহাম্মাদ আমিনুল হক, ড. এমএ রহিম, আয়ূব হোসেন, নির্মলা হাদিমা ও মঞ্জুর হোসেনকে সম্মাননা দেওয়া হয়। সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ, শাহরিয়ার আলম, ইকবালুর রহিম, তানভির শাকিল জয়, জুনায়েদ আহমেদ পলক ও রাশেদা বেগম হীরা তাদের হাতে সম্মাননা পদক তুলে দেন। বিশ্বব্যাপী অক্সফামের নতুন প্রচারণা 'জিআরওডব্লিউ'র অংশ হিসেবে বাংলাদেশে তিনদিনব্যাপী 'ক্যাম্পেইন ফর সাসটেইন্যাবল রুরাল লাইভলিহুডস'র শেষদিন বৃহস্পতিবার এ সম্মাননা দেওয়া হয়। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে অক্সফাম যৌথভাবে এ প্রচারাভিযান চালায়। আয়োজকদের মতে, বাংলাদেশের জনসংখ্যা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের সময়ের তুলনায় এখন দ্বিগুণ হলেও খাদ্য উৎপাদন বেড়েছে চার গুণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/২৩২৭ ঘ.