ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় মাস বর্ধিত সময়ে নির্বাচন কমিশনে (ইসি) দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিয়েছে বিএনপিসহ ১৫টি দল। তবে বাংলাদেশ খেলাফত আন্দোলন এ হিসাব দেয়নি।
ইসি'র জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল ৩৮টি। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২২টি দল আগেই হিসাব জমা দেয়।
কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় ছিলো গত ৩১ জুলাই। বিএনপিসহ কয়েকটি দলের আবেদনে এ সময় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ায় ইসি।
বর্ধিত সময়ের শেষ দিন পর্যন্ত যে ১৫টি দল বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে সেগুলো হলো- বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি-জেপি, সাম্যবাদী দল (এমএল), গণতন্ত্রী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও ইসলামী ঐক্যজোট।
রাজনৈতিক দলগুলোর ভেতরে আর্থিক স্বচ্ছতা আনতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পরপর দুই বার হিসাব দাখিলে ব্যর্থ হলে দলের নিবন্ধন বাতিলেরও বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১১৪ ঘ.
bdnews24