ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ল্যাপটপ দোয়েল আগামী অক্টোবরে এলেও শুরুতে তা দেওয়া হবে শুধু সরকারি সংস্থাগুলোকে। পরে তা বাজারজাত করা হবে।
টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি করা 'দোয়েল' ১৫ অক্টোবর আসছে বলে বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে।
কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, "স্বল্পমূল্যের এ ল্যাপটপ প্রথমে সরকারি সংস্থাগুলোকে সরবরাহ করা হবে। পরে সাধারণ জনগণের জন্য বাজারজাত করা হবে।"
কবে নাগাদ ল্যাপটপ দোয়েল সাধারণের নাগালে আসবে, তা জানাননি তিনি।
ইনু জানান, ১৫ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাজারজাতের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেশিসের এ ল্যাপটপ উদ্বোধন করবেন।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ অক্টোবর প্রধানমন্ত্রী এ ল্যাপটপ উদ্বোধন করবেন।
টেশিসের গাজীপুর কারখানায় গত ১০ জুলাই 'দোয়েল'র পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। এই ল্যাপটপ তৈরির জন্য প্রাথমিকভাবে ১৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শ ও সহযোগিতায় মালয়েশিয়ার প্রতিষ্ঠান 'থিম ফিল্ম ট্রান্সমিশন' (টিএফটি) এবং কয়েকজন বিদেশি বিশেষজ্ঞের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে টেশিস। ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে দেশেই।
১০ হাজার, ১২ হাজার, ২১ হাজার ও ২৫ হাজার টাকায় চার ধরনের 'দোয়েল' বাজারে পাওয়া যাবে। দোয়েল বাজারে এলে বিদেশি কোম্পানিগুলোর ল্যাপটপের দাম কমবে বলে আশা করছে সরকার।
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত টেশিসে একসময় শুধু টেলিফোন সেটই তৈরি হতো।
হ্যান্ডসেট দ্রুত উৎপাদনের সুপারিশ
বৃহস্পতিবারের সংসদীয় কমিটির বৈঠকে টেলিফোন শিল্প সংস্থাকে মোবাইল হ্যান্ডসেট দ্রুত উৎপাদন করে আইন অনুযায়ী বাজারজাত করার সুপারিশ করা হয়।
বৈঠকে মোবাইল অপারেটর, গেটওয়েজ এবং পিএসটিএন অপারেটরসহ অন্যান্য প্রতিষ্ঠানের ভিওআইপি কার্যক্রম খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়।
ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্স দেওয়ার বিষয়ে কমিটি সভাপতি বলেন, "নীতিমালা মেনেই লাইসেন্স দেওয়া হচ্ছে। এ নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।"
মঙ্গলবার টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজু জানান, তিনটির জায়গায় ছয়টি বেসরকারি প্রতিষ্ঠানকে আইটিসি লাইসেন্স দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24