২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আমন ধানের চারা উত্তোলনকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 10:06 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আমন ধানের চারা উত্তোলনকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হবিবপুর ও জগন্নাথপুর গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিবপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে জগন্নাথপুর গ্রামের আতিকুর রহমানের ধান ক্ষেতের আমন চারা উত্তোলন নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জগন্নাথপুর থানার ওসি নাজিম উদ্দিন জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পৌর মেয়র আক্তারুজ্জামানসহ চার পুলিশ সদস্য আহত হয়। এছাড়াও উভয় পক্ষের আরো প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক জাবেদ, কনস্টেবল পলাশ, শাকিল ও হেলাল। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০১ ঘ.