২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলানতুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

২১ অগাস্টের গ্রেনেড হামলার দুই মামলায় তারেক রহমানসহ নতুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে। নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 06:39 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার দুই মামলায় তারেক রহমানসহ নতুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে। নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর। আসামি পক্ষের সময়ের আবেদনে বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন অভিযোগ গঠনের শুনানি পেছানোর এ আদেশ দেন। এর আগে আসামি পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, তারা অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি পাননি। ফলে তাদের আরো সময় প্রয়োজন। মামলার গ্রেপ্তার আসামিদের মধ্যে আলী আহসান মো. মুজাহিদ, লুৎফুজ্জামান বাবরসহ কারাগারে থাকা সবাইকে বৃহস্পতিবার আদালতে আনা হয়। তাদের কয়েকজন সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে আদালতের আদেশ চেয়ে আবেদন করেন। আদালত তার শুনানিও ২১ সেপ্টেম্বর হবে বলে জানায়। ২১ অগাস্টের মামলা জজ আদালতে থাকলেও সরকার স¤প্রতি তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায়। এর আগেও দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি ছিলো। তবে নির্দিষ্ট সময়ে বিচার শেষ না হওয়ায় মামলা দুটি জজ আদালতে ফেরত গিয়েছিলো। তারেক, হারিছ চৌধুরী, মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ মামলার ১২ আসামি পলাতক রয়েছেন। ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার এ মামলার সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনের নাম যুক্ত করে সিআইডি। এ নিয়ে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৫২। ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ লোক আহত হন। এতে শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় দায়ের করা দুটি মামলা ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর একই ট্রাইব্যুনালে বিচারের জন্য নেওয়া হয়েছিলো। দুটি মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর গত বছরের ৩ অগাস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন। তবে অধিকতর তদন্ত শেষ হওয়ার আগেই জজ আদালতে ফেরত গিয়েছিলো মামলা দুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৩৩ ঘ.