২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি সিবিএ নির্বাচন স্থগিতের কারণ তদন্তে কমিটি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) সিবিএ নির্বাচন স্থগিত হওয়ার কারণ ও তা নিরসনে করণীয় নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) সিবিএ নির্বাচন স্থগিত হওয়ার কারণ ও তা নিরসনে করণীয় নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান ও সিসিসি'র ম্যাজিস্ট্রেট কাজী আবদুর রহমান। বুধবার রাত ৮টায় তিন সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। সিসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর ই ইলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র মনজুর আলমের সঙ্গে ঊর্ধতন কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরদের আলোচনা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। "কমিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিবিএ নির্বাচন স্থগিত হওয়ার কারণ নির্ধারণ এবং সমস্যা নিরসনে করণীয় ঠিক করবে।" সিসিসি'র সিবিএ নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে নগর ভবনের সামনে আওয়ামী লীগপন্থী 'চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগ' ও বিএনপিপন্থী 'চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের' নেতা-কর্মীরা পরস্পর তিন দফা হাতাহাতিতে লিপ্ত হয়। এ কারণে দুপুর পর্যন্ত সিসিসি'র স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। দীর্ঘ ১৮ বছর পর আগামী বৃহস্পতিবার সিসিসি'র নির্বাচন হওয়ার কথা ছিল। গত মঙ্গলবার বিএনপিপন্থী 'চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের' সহ- সভাপতি আতিকুর রহমান শ্রম আদালতে ভোটার তালিকা নিয়ে আপত্তি জানিয়ে মামলা করলে আদালত নির্বাচন স্থগিত করে। মামলায় বলা হয়, ভোটার তালিকায় ৩২ জন ভোটারের নাম অর্ন্তভুক্ত হয়নি। এছাড়া অবসরপ্রাপ্ত, মৃত ও ভুল ক্রমিক নম্বরযুক্ত ভোটার তালিকায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৪২ ঘ.