ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনামূলক কার্যক্রম চালাতে সংসদ সদস্যদের অনুরোধ জানিয়ে চিঠি দেবে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি।
বুধবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ কথা জানান।
তিনি বলেন, "জঙ্গি-সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনামূলক কার্যক্রম আরো জোরদার করতে তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠন করা হবে।"
জনসচেতনতা বাড়াতে বিটিভিতে কিছু নাটক ও স্বল্প দৈর্ঘ্য চলচিত্র প্রদর্শন করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যমগুলোও যেন এ ধরনের প্রচারণা চালায় সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করা হবে।
"এছাড়া দেশের স্বনামধন্য লেখক-নাট্যকারদের সম্পৃক্ত করে জঙ্গি- সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির আগামী সভা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে বলে সভা শেষে জানানো হয়।
সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৮১২ ঘ.
bdnews24