নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে পৃথক দু'টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দু'টি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এসএম রাশেদুর রেজা।
মামলার নথি থেকে জানা যায়, ঢাকা বাইপাস (মদনপুর-ভুলতাÑজয়দেবপুর) জাতীয় মহাসড়ক নির্মাণ প্রকল্পে সড়ক ও জনপথের (সওজ) নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীনে ১৫০ মিটার রাস্তার একটি কাজে ২০০২-২০০৩ অর্থবছরে তিনটি বিলে পরিশোধ করা ৫৮ লাখ ৪১ হাজার ৩৪৭ টাকার মধ্যে ১৫ লাখ ৫৬ হাজার ৫০৬ টাকা অতিরিক্ত উত্তোলন করে পরস্পরের যোগসাজশে আত্মসাত করেছেন।
মামলার আসামিরা হলেন সওজের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী (বর্তমানে অবসরে) নাজমুল হক, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী বদরুল আলম (বর্তমান নির্বাহী প্রকৌশলী সড়ক ভবন, রমনা, ঢাকা), সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান (বর্তমানে যুগ্ম সচিব পদমর্যাদায় পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকা), সাবেক উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশার মিয়া (বর্তমান সহকারী প্রকৌশলী, সড়ক বিভাগ, ঢাকা জোন) এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাদী নির্মাণ সংস্থার মালিক আতাউর রহমান সাজু।
অপর মামলার নথি থেকে জানা যায়, ঢাকা বাইপাস (মদনপুর-ভুলতাÑজয়দেবপুর) জাতীয় মহাসড়ক নির্মাণ প্রকল্পে সওজের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীনে ৫শ' মিটার রাস্তার একটি কাজে ২০০১-২০০২ অর্থ বছরে পরিশোধকৃত ৫৮ লাখ ৯৮ হাজার ১৬০ টাকার মধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭৮ টাকা ১০ পয়সা অতিরিক্ত উত্তোলন করে পরস্পরের যোগসাজশে আত্মসাত করেছে আসামিরা।
আসামিরা হলেন নাজমুল হক, আবুল বাশার মিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স করিম অ্যান্ড করিম এন্টারপ্রাইজের মালিক এস এম রেজাউল করিম মানিক।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, রাতে মামলা দুটি দায়ের করা হয়েছে। দুদকের কর্মকর্তারাই মামলা দুটি তদন্ত করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৪ ঘ.
bdnews24