যশোর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলা থেকে ১৩টি তাজা বোমাসহ এক ব্যক্তিকে আটক আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে শহরতলীর চাঁচড়া বেড়বাড়ি গ্রাম থেকে তরিকুল ইসলামকে (৩৫) আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
এ সময় তার কাছে থাকা ১৩টি তাজা বোমা, পাঁচটি চাইনিজ কুড়াল, চারটি বড় দা এবং বোমা তৈরির সারঞ্জম উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি ইমদাদুল হক জানান, গোপন খবর পেয়ে বেড়বাড়ি গ্রামের একটি মাছের খামারে বসে বড় জর্দ্দার কৌটায় বোমা বানানোর সময় তরিকুলকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
থানায় তরিকুল সাংবাদিকদের জানান, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে তিনি কিছু জানেন না। পুলিশ উদ্দেশ্যমূলকভাবে তাকে আটক করেছে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24