২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নিয়ে 'সতর্ক' দৃষ্টি জাইকার

বাংলাদেশে জাইকা-প্রধান তোদা তাকাও বলেছেন, পদ্মা সেতু প্রকল্প বিষয়ক ঘটনাপ্রবাহ জাপান 'সতর্কতার সঙ্গে' পর্যবেক্ষণ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে জাইকা-প্রধান তোদা তাকাও বলেছেন, পদ্মা সেতু প্রকল্প বিষয়ক ঘটনাপ্রবাহ জাপান 'সতর্কতার সঙ্গে' পর্যবেক্ষণ করছে। দাতা সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং বিশ্ব ব্যাংককেন্দ্রিক এক তদন্তের কারণে সেতু প্রকল্পের কাজে দেরি হচ্ছে- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সা¤প্রতিক এ মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে এ কথা বলেন তাকাও। মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ-প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উন্নয়ন সহযোগী ও বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করবো। "প্রকল্পটি যেন 'নির্ঝঞ্ঝাটভাবে' হয় সেজন্য জাইকা সর্বোচ্চ চেষ্টা করবে।" ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুশ ৯০ কোটি মার্কিন ডলার। এ প্রকল্পে জাইকা ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে। এছাড়া বিশ্ব ব্যাংক একশ ২০ কোটি, এডিবি ৬১ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক দিচ্ছে ১৪ কোটি ডলার ঋণ। অর্থমন্ত্রী গত ১৭ অগাস্ট বলেন, প্রকল্পের দরপত্র আহ্বানের ক্ষেত্রে দুর্নীতির গাইডলাইন কী হবে তা নিয়ে বিশ্ব ব্যাংক ও এডিবির মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, কোনো প্রতিষ্ঠানকে নিয়ে সন্দেহ থাকলে সেটিকে বাদ দিয়ে 'দ্রুত' পদ্মা সেতুর কাজ শুরু করতে বিশ্ব ব্যাংককে প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের ঢাকা সফররত ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুরেরোর সঙ্গে পদ্মা সেতু নিয়ে বৈঠক করেন মুহিত। পদ্মা সেতু প্রতল্প তদারকি প্রতিষ্ঠান নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় থাকা এসএনসি-লাভালিন নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্ব ব্যাংকের অনুরোধে তদন্ত করছে কানাডার পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/১৯২২ ঘ.