২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াত-পুলিশ সংঘর্ষ

নগরীর পর এবার সিলেটের বিয়ানীবাজারে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষে ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আট জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

সিলেট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পর এবার সিলেটের বিয়ানীবাজারে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষে ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আট জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা সদরে এ সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে উপজেলা সদরে জামায়াত বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। জামায়াতকর্মীরা বাধা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা করে। তখন সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে বলে ওসি ফজলুল হক সাংবাদিকদের জানান। সংঘর্ষে আহতদের মধ্যে ওসি ছাড়াও রয়েছেন বিয়ানীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি জমির উদ্দিন, কামরুল ও মাহমুদুল প্রমুখ। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আট জনকে আটক করা হয়েছে বলে ওসি ফজলুল জানান। তারা হলেন- মতিন, পারভেজ, কামরুল, শাহীন, জমির উদ্দিন, আমির, মাহমুদুল ও আইনউদ্দিন। একদিন আগেই সিলেট নগরীতে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩৫ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫৩৬ ঘ.