২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোমিন হত্যা: ওসি রফিকের ফাঁসি কার্যকরের দাবি

কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি রফিকুল ইসলামের ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে জাসদ ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। মোমিন জাসদ ছাত্রলীগের ঢাকার মহানগর কমিটির নেতা ছিলেন।

জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ তফছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলার মূল আসামিরা পলাতক। তারা বিভিন্ন ভাবে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে। আমরা সরকারের কাছে পলাতক আসামিদের গ্রেপ্তার করে অবিলম্বে আদালতের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।"

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর কমার্স কলেজের ছাত্র মোমিনকে তাদের উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে খুন করে দুষ্কৃতকারীরা। ওই খুনের ঘটনায় প্রথম তদন্তে কাফরুল থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামের সম্পৃক্ততা পুলিশ এড়িয়ে গেলেও পরে বিচার বিভাগীয় তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

ওই ঘটনায় মোমিনের বাবার দায়ের করা মামলায় গত ২০ জুলাই ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালত ওসি রফিকসহ তিন জনকে মৃত্যুদণ্ড দেয়। বাকি ছয় আসামিকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

আসামিদের মধ্যে রফিক, হাবিবুর রহমান তাজ ও লক্ষ্মীপুরের নন্দনপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে বাবু কারাগারে। বাকিরা পলাতক।