ফরিদপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ফরিদপুর মুসলিম মিশন কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর এলাকায় কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান লিমন (১৯) কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। লিমন ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আরব আলী প্রামানিকের ছেলে। তার বাসা শহরের শোভারামপুর এলাকায়।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ শহরে মিছিল করেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, সহপাঠিদের সঙ্গে বাদানুবাদের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজের সামনে সকালে সন্ত্রাসীরা লিমনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা লিমনকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২৫ ঘ.
bdnews24