চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা সদরের দুটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে গত সাত দিন ধরে।
বিদ্যুৎবিচ্ছিন্ন বিক্ষুব্ধ জনতা সোমবার রাতে উপজেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করে।
ট্রান্সমিটার বিকল হওয়ার কারণেই উপজেলার কোর্টপাড়া ও স্টেশনপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আলমডাঙ্গার কোটপাড়ার বাসিন্দা খেজমত আলী সাংবাদিকদের বলেন, গত ৬ সেপ্টেম্বর থেকে তাদের এলাকায় বিদ্যুৎ নেই।
আলমডাঙ্গা সদর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রান্সমিটার বিকল হওয়ায় কোর্টপাড়া ও স্টেশন পাড়া এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এজন্য গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে সোমবার রাত ১০টার দিকে আলমডাঙ্গার ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অফিস ঘেরাও করে।
তিনি জানান, বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ অফিসের নৈশপ্রহরীকে বেঁধে রাখে। অবস্থা বেগতিক দেখে অফিস ছেড়ে পালিয়ে যান কোম্পানির আবাসিক প্রকৌশলী শফিকুল ইসলাম খান।
আলমডাঙ্গা পৌরসভার মেয়র মীর মহিউদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলের মধ্যে শহরের কোর্টপাড়া ও স্টেশনপাড়ায় বিদ্যুৎ সরবরাহ চালু করার প্রতিশ্র"তি পাওয়ার পর বিক্ষুব্ধ জনতা শান্ত হয়।
সোমবার রাতে পৌরসভার উদ্যোগে জেনারেটরের মাধ্যমে ওই দুই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানান মেয়র মহিউদ্দিন।
আলমডাঙ্গা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শফিকুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগের করাজন্য তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩৩ ঘ.
bdnews24