২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই জনের অস্বাভাবিক মৃত্যু

চট্টগ্রামের চান্দগাঁও ও কর্ণফুলী থানা এলাকায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ছাদ থেকে পড়ে এবং অন্যজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চান্দগাঁও ও কর্ণফুলী থানা এলাকায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ছাদ থেকে পড়ে এবং অন্যজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার বিকাল ৪টার দিকে চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকার 'লিগ্যাসি ফ্যাশন' নামের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক রোজিনা আক্তার (১৯) ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, রোজিনা ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। লিগ্যাসি ফ্যাশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে খাওয়ার বিরতির কিছু সময় পর রোজিনা ভবনের পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তবে রোজিনার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি আলাউদ্দিন। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজিনার আপন বোন কোহিনুর আক্তারও একই কারখানায় কাজ করেন। দুপুরে দুই বোন একসঙ্গে খাবার খেয়েছে। এরপর রোজিনা পাঁচ তলার ছাদ থেকে পড়ে যায়। "সে আত্মহত্যা করেছে কি-না এবং কোন কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে", যোগ করেন তিনি। চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বিকাল ৪টা ২০ মিনিটের দিকে রোজিনাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শেখ মোহাম্মদ (৬০) নামে এক দোকানদার। তার বাড়ি শিকলবাহা গ্রামে। চমেক ফাঁড়ির এসআই জহিরুল এ বিষয়ে জানান, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেখ মোহাম্মদ মইজ্জারটেক বাজারে পান, সিগারেট বিক্রি করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/২১০১ ঘ.