ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেন স্থগিত থাকা দুটি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ অনুমোদন করেছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
সোমবার কমিশনের বৈঠকে গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড স্কিম টুয়ের লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান কমিশনের মুখপাত্র সাইফুর রহমান।
এর ফলে মঙ্গলবার থেকে ফান্ড দুটির স্বাভাবিক লেনদেন শুরু হবে।
গত ২৫ অগাস্ট ফান্ড দুটির নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়। তবে বিষয়টি নিয়ম অনুযায়ী হয়নি জানিয়ে সেদিনই ফান্ড দুটির লেনদেন স্থগিত করে দেয়। পরে ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস বাংলাদেশ তাদের অবস্থান ব্যাখ্যা করে। এর পরিপ্রেক্ষিতে সোমবারের বৈঠকে স্থগিতাদেশ তুলে নেয় এসইসি।
ফান্ড দুটির মধ্যে গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের জন্য ২৫ শতাংশ নগদ এবং ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা রয়েছে। অন্যদিকে গ্রামীণ মিউচুয়াল ফান্ড স্কিম টুয়ের জন্য ১০ শতাংশ করে নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/১৬৫৭ ঘ.
bdnews24