ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শহরের পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের রুট নিয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সমীক্ষা প্রতিবেদন সম্পর্কে আগামী এক মাসের মধ্যে মতামত দিতে বলেছে সংস্থাটি।
সংস্থাটির (জাইকা) সদর দপ্তরের পরিচালক তোমোহিদে ইচিগুচি সোমবার সকালে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান।
জাইকার চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী এ বিষয়টি সাংবাদিকদের জানান।
জাইকা পরিচালক জানান, এক মাসের মধ্যে সরকারের মতামত পেলে প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তা বাবদ প্রতিশ্র"ত ১৭০ কোটি ডলার আগামী জানুয়ারির মধ্যে অনুমোদন দিতে পারবে সংস্থাটি। তাহলে আগামী বছরের শুরুতেই এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে।
এক মাসে মতামত না দেওয়া গেলে এ অর্থের মঞ্জুরি অনুমোদনের আরো অন্তত এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে জাইকা।
আবুল হোসেন বলেন, গত ফেব্র"য়ারি মাসেই জাইকার পক্ষ থেকে একটি রুট চূড়ান্ত করা হয়েছিলো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কর্তৃপক্ষের আপত্তি এবং বেসরকারি জমি অধিগ্রহণের প্রয়োজন দেখা দেওয়ায় কাজটি বাস্তবায়নে নতুন করে সমীক্ষা করতে বলা হয়েছিলো। জাইকা এ সমীক্ষা শেষ করে একটি প্রতিবেদন জমা দিয়েছে।
"এ প্রতিবেদনের ব্যাপারে আগামী এক মাসের মধ্যেই সরকারের মতামত দিতে বলা হয়েছে। কারণ এ মতামতের ভিত্তিতেই জাইকা প্রতিশ্র"ত ঋণ সহায়তার মঞ্জুরি অনুমোদন করবে। একমাসের মধ্যে অনুমোদন হলে তা দ্রুত অনুমোদন করা হবে। অন্যথায় আরো বেশি সময় লাগবে", বলেন তিনি।
মন্ত্রী জানান, পল্লবী থেকে চন্দ্রিমা উদ্যানের সামনে বিজয় সরণি (বিমান চত্বর) হয়ে ফার্মগেট দিয়ে মতিঝিল পর্যন্ত নতুন রুট নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিমান বাহিনী পুরাতন বিমান বন্দর থেকে তাদের বিমান উড্ডয়নে সমস্যার কথা বলে এ রুটে আপত্তি দিয়েছে। তারা রোকেয়া সরণি থেকে এ রুট সরাসরি খামারবাড়ি হয়ে ফার্মগেট নেওয়ার পরামর্শ দিয়েছে।
উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) প্রকল্পের একটি র্যাম্প খামারবাড়িতে নামবে। ফলে এ দুটি রুট এ স্থানে সাংঘর্ষিক হতে পারে। ফলে জাইকা এ রুটের ব্যাপারে আপত্তি দিয়েছে। এ বিষয় নিয়ে উভয় পক্ষের সঙ্গে বৈঠক চলছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, রুট (এলাইনমেন্ট) চূড়ান্ত করার মধ্য দিয়ে আগামী বছরেই মেট্রো রেল স্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে।
বাংলাদেশ রেলওয়ের জন্য জাপানের অর্থায়নে ১১টি লোকোমোটিভ সংগ্রহের প্রক্রিয়াও এগিয়ে চলেছে বলেও আবুল হোসেন জানান।
তিনি বলেন, বাংলাদেশ লেলওয়ের ঢাকা-চট্টগ্রাম লাইনকে ডাবল ট্র্যাকে উন্নীত করা হবে। এর অংশ হিসেবে লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত অংশ জাপানি সহায়তায় ডাবল ট্র্যাকে উন্নীত করা হচ্ছে। এজন্য শিগগিরই ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ইস্টার্ন ব্রিজ প্রজেক্টে ১৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা নিশ্চিত করেছে জাপান।
মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু নির্মাণে জাপানি সহায়তার অনুরোধও জাইকার কাছে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১২১৩ ঘ.
bdnews24