নোয়াখালী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী কোম্পানীগঞ্জে সামসুদ্দীন মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে দোকান পাট বন্ধ রেখে কয়েক ঘণ্টা বিক্ষোভ করেছে টেকের বাজারের ব্যবসায়ীরা।
সোমবার সকালে টেকের বাজারে ব্যবসায়ীরা দোকানপাট খোলেনি। তাদের বিক্ষোভে বাজারের পাশের বসুরহাট-চাপরাশিরহাট সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পরে জনপ্রতিনিধিদের আশ্বাসে দুপুর ১২টায় রাস্তা ছাড়ে ব্যবসায়ীরা। দুপুর ২টা থেকে দোকানপাটও খুলতে থাকে।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
"তাদের বলা হয়েছে, অপরাধী কাউকে ধরলেও নিরীহ কোনো মানুষ কিংবা ব্যবসায়ীকে হয়রানি করা হবে না", বলেন তিনি।
রোববার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) টেকের বাজার থেকে পান দোকানদার বাবুল চৌধুরী (৩৫) এবং চরকাঁকড়া গ্রাম থেকে স্থানীয় যুবক সজিবকে (২৫) গ্রেপ্তার করে।
এর পরপরই টেকের বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রাত ৯টা থেকে দুই ঘণ্টা বসুরহাট-চাপরাশিরহাট সড়ক অবরোধ করে রাখে।
তারা অভিযোগ করছেন, পুলিশ মিলন হত্যার তদন্তের নামে বাজারে ব্যবসায়ী ও নিরীহ লোকদের গ্রেপ্তার করছে।
তবে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, মিলনকে পিটিয়ে হত্যার সময় ধারণকৃত ভিডিওচিত্র দেখে বাবুল ও সবুজকে সনাক্ত করা হয়।
এর আগে ১৩, ১৪ ও ২৭ অগাস্ট চরকাঁকড়া ইউনিয়নে অভিযান চালিয়ে জাফর ইকবাল, হারুনুর রশীদ, শাহ আলম, আব্দুল খালেক ও আবুল খায়ের নামে পাঁচ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডাকাত সন্দেহে গণপিটুনিতে গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের টেকের বাজারে কিশোর মিলনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে তাকা পুলিশ তাদের দায়িত্ব পালনে অবহেলা করে বলে অভিযোগ উঠে।
এই ঘটনায় ৩ অগাস্ট মিলনের মা কোহিনুর বেগম বাদি হয়ে আদালতে একটি মামলা করেন।
আদালতের নির্দেশে ৮ অগাস্ট মামলাটি কোম্পানীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়। এরপর মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবিতে) স্থানান্তর করা হয়।
মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলা ও সম্পৃক্ততার অভিযোগে কোম্পনীগঞ্জ থানার তৎকালীন ওসি রফিক উল্লাহ, উপপরিদর্শক (এসআই) আকরাম শেখসহ চার পুলিশকে বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৫৩ ঘ.
bdnews24