ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে কল্যাণপুর 'ঘ' খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ওয়াসা।
উচ্ছেদ অভিযান মঙ্গলবারও চলবে বলে জানিয়েছে ঢাকা ওয়াসা।
ঢাকা ওয়াসা সোমবার বেলা সাড়ে ১০টায় এ খালে উচ্ছেদ অভিযান শুরু করে। বিকাল সাড়ে পাঁচটার দিকে কর্তৃপক্ষ প্রথম দিনের মতো কাজ শেষ করে।
ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।"
তিনি বলেন, "অভিযান চলাকালে ২২টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে তিনটি তিন তলা ও একটি পাঁচতলা ভবনের অংশ এবং কয়েকটি বাড়ীর সীমানা প্রাচীর রয়েছে।"
ওয়াছিউদ্দিন বলেন, "মিরপুরের উত্তর শেওড়াপাড়া থেকে পশ্চিম আগারগাঁওয়ের জনতা হাউজিং পর্যন্ত এ খালের দৈর্ঘ্য প্রায় ১ দশমিক ২ কিলোমিটার। এর মধ্যে প্রায় আধা কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থানে প্রায় ৪০টির মতো অবৈধ স্থাপনা রয়েছে।"
উত্তর শেওড়াপাড়া থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয় বলে তিনি জানান। উচ্ছেদ অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাল দখলমুক্ত করার পর তা পুনঃখনন করা হবে। পাশাপাশি খালের উভয় পাড়ে পাঁচ ফুট প্রস্থের পায়ে চলার পথ তৈরি করা হবে এবং গাছ লাগানো হবে।"
এ মাসের মধ্যেই এ কাজ শুরু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত বছরের ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্য রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে ঢাকা ও এর আশপাশের অবৈধ খাল দখলমুক্ত করার জন্য ঢাকা ওয়াসা এবং সংশ্লি¬ষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।
এর অংশ হিসেবে গত বছরের ৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা ওয়াসা।
এছাড়া একই মাসে মোহামম্মদপুরের রামচন্দ্রপুর খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর সময় খালের উপর বসবাসকারীরা নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বাধা দেয়। এতে উচ্ছেদ অভিযান স্থগিত করে ঢাকা ওয়াসা এবং জেলা প্রশাসন।
এরপর থেকে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বেশ ঝিমিয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৮৫৪ঘ.
bdnews24