লালমনিরহাট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ২৫ জন।
নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার কচুয়ারপাড় গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রেজিনা বেগম (৩০) ও তার মেয়ে রোমানা (৫)।
পাটগ্রামের আলাউদ্দিননগর জুম্মারপাড় এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক সাতজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চালক নিয়ন্ত্রণ হারালে পাটগ্রাম থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম ইহতেশাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন জয়ন্তি রানী (৩০), ওমেনা বেগম (৩৫), স্বপ্না আক্তার (১০), মহাদ্দেছ আলী (৫৫), ওলিয়ার রহমান (৪৫), মজিবার রহমান (৬০), খোরশেদ হক (৬৫), রথিন রায় (৩০), সেলিম হক (৩০), মুহিন হোসেন (৬), কবির হোসেন (৪০)।
বাস চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24