২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হয় মুক্তি, না হয় মৃত্যু'

ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে 'অন্ধকারে থাকার' ব্যতিক্রমী কর্মসূচির অংশ হিসেবে রোববার রাতেও আলো জ্বালেনি বাংলাদেশ ও ভারতের ছিটমহলের অধিবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে 'অন্ধকারে থাকার' ব্যতিক্রমী কর্মসূচির অংশ হিসেবে রোববার রাতেও আলো জ্বালেনি বাংলাদেশ ও ভারতের ছিটমহলের অধিবাসীরা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহলের বাসিন্দা জরিনা বেগম (৪০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দিনের আলো থাকতে হামরা রান্না-খাওয়ার কাজ শেষ করি, যাতে রাইতে বাতি জ্বালাতে না হয়।" "আন্দোলন এখন এক দফা এক দাবিতে পরিণত হয়েছে। হয় মুক্তি, না হয় মৃত্যু," বলেন একই ছিটমহলের বাসিন্দা সামাদ খলিফা (৪৩)। আরেক বাসিন্দা বজলুর রহমান (৪৫) বলেন, "হামার দেওয়ালোত পিঠ ঠেকি গেইছে, আন্দোলন ছাড়া বাঁচার পথ নাই।" ছিটমহল বিনিময় চুক্তির দ্রুত বাস্তবায়নের দাবিতে রোববার সকালে দাশিয়ার ছড়ার কয়েকশ' নারী ও পুরুষ পৃথক দু'টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এরপর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাশিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, মোজাফফর হোসেন, আব্দুল কাদের, আনোয়ারা বেগম, কুলসুম বেগম, মনিরা বেগম প্রমুখ। সমাবেশে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ২০ দিনের মধ্যে মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়ন না হলে আগামী ২ অক্টোবর থেকে পর্যায়ক্রমে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও অনশনসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পঞ্চগড় প্রতিনিধি জানান, একই ধরনের কর্মসূচি জেলার বিভিন্ন ছিটমহলে পালিত হয়েছে। বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ঢাকায় স্থলসীমা নিয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এ ছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এ প্রটোকলের আওতায়। তবে প্রটোকলে ছিটমহল বিনিময় বিষয়ে নির্দিষ্ট সময় বা প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই- এমন অভিযোগে দুই দেশের ছিটমহলের নাগরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তাদের আশঙ্কা, বিষয়টি আবারো ঝুলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৯ ঘ.