২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি ব্যবসা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

কিডনি ও লিভার ব্যবসায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিডনি ও লিভার ব্যবসায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বেআইনিভাবে কিডনি ও লিভার কেনাবেচার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র অভাবি মানুষদের ফুসলিয়ে টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে প্ররোচিত করে আসছিলো। সম্প্রতি জেলার কালাই উপজেলার দুইশ' দরিদ্র মানুষের কিডিনি বিক্রি করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে সারাদেশে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে এ ঘটনার মূলহোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আফম রুহুল হক, মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, অধ্যাপক ডা. এমএ মান্নান, মতিউর রহমান, মো. আনোয়ার হোসেন, নাজমুল হাসান, মো. মুরাদ হাসান এবং জেডআইএম মোস্তফা আলী বৈঠকে উপস্থিত ছিলেন। এতে মেডিকেল যন্ত্রপাতি রক্ষণা-বেক্ষণের জন্য একটি ইউনিট সৃষ্টির লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়া সফরের বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে দুটি স্টাডি টিম গঠন বিষয়েও আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএম/এএল/২০৫৮ ঘ.