২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি ব্যবসায় চক্রের 'হোতা'র জবানবন্দি

কিডনি বেচাকেনার 'মূল হোতা' তারেক আজম ওরফে বাবুল চৌধুরী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

জয়পুরহাট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিডনি বেচাকেনার 'মূল হোতা' তারেক আজম ওরফে বাবুল চৌধুরী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। রোববার সন্ধ্যায় জয়পুরহাটের বিচার বিভাগীয় হাকিমের আদালতে এই জবানবন্দি নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেয় পুলিশ। রোববার তারেককে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তিনি সাংবাদিকদের জানান, প্রথমদিকে বহুতি গ্রামের সাত্তার তাদের মাধ্যমে ৫/৬ জনের কিডনি বিক্রি করে। "পরে নেটওয়ার্কের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করে সাত্তার কালাই এলাকার দরিদ্র মানুষদের ঢাকায় এনে কিডনি বিক্রি করতে থাকে," বলেন তারেক। কালাই থানার ওসি ফজলুল করিম জানান, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তারেক বেশ কয়েকজন দালাল, চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের নাম বলেছেন। তদন্তের স্বার্থে এদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন ওসি। কিডনি ব্যবসায়ে জড়িত অভিযোগে ইতোমধ্যে তারেকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর পাঁচজনের মধ্যে গত ২৮ অগাস্ট গ্রেপ্তার হন কালাই উপজেলার বহুতি গ্রামের আব্দুস সাত্তার (৪০), গোলাম মোস্তফা (৩৭) ও আব্দুল করিম ওরফে ফোরকান (৩৫)। ৩ সেপ্টেম্বর জয়পুর বহুতি গ্রামের মোশারফ হোসেন (৪০) এবং ৫ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মোল্লারপুর গ্রামের সাইফুল ইসলাম দাউদ (৪৫) গ্রেপ্তার হন। জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র অভাবি মানুষদের ফুসলিয়ে টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে প্ররোচিত করে আসছিলো। সম্প্রতি জেলার কালাই উপজেলার দুইশ' দরিদ্র মানুষের কিডিনি বিক্রি করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে সারাদেশে তোলপাড় শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৪ ঘ.