২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ হাজার ভিক্ষুককে পুনর্বাসনের উদ্যোগ

রাজধানীতে ২ হাজার ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে জরিপকাজ শেষ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ২ হাজার ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে জরিপকাজ শেষ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। এই জরিপকাজ ১০টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) করবে জানিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে রোববার মন্ত্রী বলেন, দুই-একদিনের মধ্যে ১০টি এনজিও'র সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে। এরপর তারা রাজধানীর ১০টি পয়েন্টে ভিক্ষুক জরিপকাজ শুরু করবে। "চূড়ান্ত ফল এক মাসের মধ্যে ঘোষণা করে দুই হাজার ভিক্ষুককে পুনর্বাসিত করা হবে", যোগ করেন তিনি। ১০টি এনজিও হলো- হিতৈষী বাংলাদেশ, আর্স বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, জনসেবা কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেলথ এডুকেশন সার্ভিস, কান্ট্রি ভিশন, বেডো, সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা, ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি ও বিআরসিটি। প্রতিনিধিত্বমূলক এ জরিপে রাজধানীর সব ভিক্ষুকদের সংখ্যা জানা যাবে না বলেও জানান মন্ত্রী। ভিক্ষুক জরিপ 'বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা'র সঙ্গে তুলনা করে শহীদ বলেন, জরিপ চলাকালীন সময়ে সাবধানতা অবলম্বন করতে হবে। জরিপ কাজ যেন ভিক্ষুকদের মনে ভিক্ষুক উচ্ছেদ আতঙ্ক তৈরি না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। 'ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে'র প্রকল্প পরিচালক গাজী মো. জুলহাস জানান, ঢাকা সিটি কর্পোরেশনকে ১০টি অঞ্চলে ভাগ করে এক এক অঞ্চলে নির্দিষ্ট একটি দিনে এ জরিপ কাজ চালানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/২০৩০ ঘ.