২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে গণডাকাতি, অর্ধশত জেলে অপহরণ

বঙ্গোপসাগরে দু'টি স্থানে শনিবার রাতে অর্ধশতাধিক মাছধরা ট্রলারে ডাকাতি হয়েছে। তাদের হামলায় আহত হয় ১২ জেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

বাগেরহাট/বরগুনা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে দু'টি স্থানে শনিবার রাতে অর্ধশতাধিক মাছধরা ট্রলারে ডাকাতি হয়েছে। তাদের হামলায় আহত হয় ১২ জেলে। এ সময় দুর্বৃত্তরা ৫৬ মাঝিমাল্লা ও জেলেকে অপহরণ করেছে বলে ফিরে আসা জেলেরা জানিয়েছ। রাত ১১টায় পূর্ব সুন্দরবনের নারকেলবাড়িয়া চরের দক্ষিণে সাগরের ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এবং আশারচর এলাকায় এ ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। রোববার দুপুরে পাথরঘাটা ফিরে আহত জেলেরা আলামিন বাহিনীর এ গণডাকাতি ও অপহরণের কথা জানায় বলে জানান পাথরঘাটা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মান্নান মাঝি। আহত জেলেরা হলেন মিজান, মাসুম, জামাল, এমাদুল, নুরু মিয়া, হারুন, রহিম, শামীম, শাহজাহান, জাফর, পাহলান ও আতাহার। আহতরা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকায় বলে জানান মান্নান মাঝি। জলদস্যুরা মুক্তিপণের দাবিতে ফেয়ারওয়ে বয়া এলাকার প্রতিটি ট্রলার থেকে একজন করে মোট ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানান তিনি। ফেয়ারওয়ে বয়া এলাকায় ডাকাতি হওয়া ট্রলারের মধ্যে এফবি মাসুম, এফবি মুন্না-৩, এফবি জননী এবং এফবি-মাগোজান ট্রলারের নাম জানা গেছে। বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ সময় প্রতিটি ট্রলার থেকে প্রচুর পরিমাণ জ্বালানি তেল ও শতাধিক মন ইলিশ নিয়ে গেছে ডাকাতরা। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট, শরণখোলা, খুলনা, পিরোজপুরের মঠবাড়িয়া ও বরগুনার পারেরহাট অঞ্চলে বলে জানান গোলাম মোস্তফা। বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মন্টু মাঝির বাবা সাঈদ গোমস্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ট্রলারের মহাজনের মাধ্যমে রোববার তার ছেলেকে অপহরণের কথা জানতে পেরেছেন। রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মিলন জানান, শনিবার রাতে অপহৃত জেলেদের মধ্যে অন্তত ১৪ জনের বাড়ি তার ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অপহৃতদের পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান তিনি। কোস্টগার্ড পশ্চিম জোনের আঞ্চলিক অধিনায়ক সাইদুর রহমান জানান, ১ নম্বর ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় দশ নটিক্যাল মাইল দক্ষিণে ইলিশ শিকারি জেলেদের ট্রলারে ডাকাতির একটি খবর তারা শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই। কোস্টগার্ডের টহলবোট সিজিএস পাবনাকে অপহৃত জেলে উদ্ধার ও ডাকাতদের সন্ধানে ওই এলাকায় পাঠানো হয়েছে বলে জানান সাইদুর রহমান। এদিকে বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে শনিবার রাতে ৬ জেলেসহ এফবি ভাই-ভাই নামের একটি মাছধরা ট্রলার নিয়ে গেছে জলদস্যুরা। আমতলী উপজেলার তালতলী থানা মৎস্যজীবী সমিতির সভাপতি ও বড়বগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, উপজেলার লাউপাড়া গ্রামের শাহিন ফরাজীর মালিকানাধীন এফবি ভাই-ভাই মাছধরা ট্রলারটি ১১ জন জেলে নিয়ে বৃহস্পতিবার গভীর সমুদ্রে যায়। শনিবার রাত ১১টার দিকে ফকিরহাট ফেরার সময় জেলেদের অপহরণ করা হয়। অপহৃত জেলে মনির (৩০), আরিফ (৩৫), কালু মোল্লা (৩২), রবিউল (৩৩), হেলাল (২৮) ও আনোয়ার (৩৮) আমতলী উপজেলার নিদ্রা গ্রামের বাসিন্দা। প্রত্যেক জেলের মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা করে দাবি করা হয়েছে বলে জানান দুলাল ফরাজী। তালতলী থানার ওসি জানান, ছয় জেলে অপহরণের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে অনেক ব্যবসায়ী নিজেদের নাম প্রকাশ না করে বলেন, এ বছর ইলিশের আকাল চলছে। প্রতিটি ট্রলার সাগরে পাঠাতে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয়। এমনিতেই জালে ইলিশ পড়ছে না, তার উপর দস্যুদের বারবার আক্রমণে এখন নিঃস্ব হতে চলেছেন তারা। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লে. হারুন অর রশিদ জানান, তারাও ডাকাতির খবর শুনেছেন। এদিকে সাগরে জেলেদের নিরাপত্তার দাবিতে শরণখোলা মৎস্যজীবী সমবায় সমিতি মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলায় বিক্ষোভ মিছিল, প্রতীক অনশন এবং প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে। মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন ও মৎস্য ব্যবসায়ী আবুল কালাম রোববার দুপুরে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪১ ঘ.