২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয়দের বিক্ষোভে হিলি বন্দরে কাজ ব্যাহত

ভারতীয় এক নাগরিককে আটকের ঘটনায় দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় বিক্ষোভ করেছে সে দেশের বৃহত্তম রাজনৈতিক দল কংগ্রেস। ফলে এ স্থলবন্দরের কার্যক্রম প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় এক নাগরিককে আটকের ঘটনায় দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় বিক্ষোভ করেছে সে দেশের বৃহত্তম রাজনৈতিক দল কংগ্রেস। ফলে এ স্থলবন্দরের কার্যক্রম প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিলো। পুলিশ জানায়, রোববার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বন্দরের কাজ বন্ধ ছিলো। আটক আতিয়ার রহমান ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পূর্ব আপ্তরই গ্রামের (হাড়ীপুকুর) মৃত হজরত মন্ডলের ছেলে। হিলি থানা কংগ্রেসের সাধারণ সম্পাদক দুলাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আতিয়ার বৈধ পাসপোর্ট নিয়ে গত ৩১ অক্টোবর সকালে বাংলাদেশে যান। কিন্তু বিজিবি সদস্যরা তাকে অন্যায়ভাবে আটকে নির্যাতন করে অবৈধ মালামাল দিয়ে মামলা দিয়েছে।" আতিয়ারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে দুলাল বলেন, অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবিতে শূন্য রেখায় বিক্ষোভ করেছে ভারতীয় নাগরিকরা। আতিয়ারকে মুক্তি দেওয়া না হলে আগামীতে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করাসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেন এই কংগ্রেস নেতা। বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, "আতিয়ার চোরাচালানে জড়িত। বুধবার দুপুরে আতিয়ার ভারত থেকে হাড়ীপুকুর সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করে।" জয়পুরহাট শহরে আতিয়ারকে আটকের সময় তার কাছে গাঁজা, ইনজেকশন ও ট্যাবলেট এবং একটি জাল ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয় জানিয়ে তিনি বলেন, এ জন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন থানার ওসি নুরুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আতিয়ার পাসপোর্ট নিয়ে বৈধভাবে বাংলাদেশে ঢুকেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৩৩ ঘ.